বিগ বস বাংলার মঞ্চ থেকে আচমকাই বিদায় নিতে হয়েছিল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তাকে। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই রিয়্যালিটি শো ছেড়ে বেরিয়ে আসতে হয় তাঁকে। এরপর পুজোর পর গলব্লাডারে পাথরের সমস্যার জন্য অস্ত্রোপচারও হয় তাঁর। তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঝিলম। আর সেই সুস্থতার মাঝেই বান্ধবী পৌলমীর সঙ্গে দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশ্যে আসতেই খুশি তাঁর অনুরাগীরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝিলমের সঙ্গে দীপাবলি উদ্যাপনের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর বিশেষ বান্ধবী পৌলমী। ছবিতে দুজনের হাতেই দেখা গিয়েছে ফুলঝুড়ি। লাল রঙের পাঞ্জাবি এবং জিন্সে বেশ হাসিখুশি মেজাজে ধরা দিয়েছেন ঝিলম। শুধু ফুলঝুড়ি নয়, একটি ভিডিয়োয় তাঁকে চড়কিতে আগুন ধরাতেও দেখা গিয়েছে। অন্য একটি ভিডিয়োয় তুবড়ি জ্বালাতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে অসুস্থতা কাটিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছেন ঝিলম।
কঠিন সময়ে পাশে ছিলেন বান্ধবী পৌলমী
ঝিলমের অসুস্থতা এবং অস্ত্রোপচারের সময় থেকেই তাঁর পাশে রয়েছেন পৌলমী। বিগ বস বাংলার ঘরে থাকাকালীনও একাধিকবার বান্ধবীর কথা বলতে শোনা গিয়েছিল ঝিলমকে। অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে পৌলমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, কঠিন সময়ে পৌলমী পাশে না থাকলে পরিস্থিতি সামলানো তাঁর পক্ষে আরও কঠিন হয়ে যেত।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যাপক চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাসের তত্ত্বাবধানে ঝিলমের অস্ত্রোপচার হয়েছিল। সেই কঠিন সময় পেরিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি।
কে এই পৌলমী?
সেরামিক আর্ট এবং বিভিন্ন ধরনের হ্যান্ডমেড সামগ্রী নিয়ে কাজ করেন পৌলমী। সোশ্যাল মিডিয়ায় ঝিলমের সঙ্গে তাঁর একাধিক ছবি রয়েছে। শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, সৃজনশীল কাজের ক্ষেত্রেও তাঁদের যোগাযোগ রয়েছে। ঝিলমের লেখা একটি বইয়ের প্রচ্ছদও তৈরি করেছিলেন পৌলমী।
বিগ বস বাংলায় ঝিলমের আচমকা বিদায়ে মন খারাপ হয়েছিল অনুরাগীদের
বিগ বস বাংলায় যোগ দেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন ঝিলম গুপ্তা। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা এই কনটেন্ট ক্রিয়েটর মধ্যবিত্ত জীবনের নানা ঘটনা, বাংলা সিরিয়াল এবং সামাজিক বিষয় নিয়ে মজাদার ও ব্যঙ্গাত্মক ভিডিয়ো তৈরি করে পরিচিতি পেয়েছেন। অভিনয় জগতেও কাজ করেছেন তিনি। পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী বলিউডের এক খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঝিলম।
তাই বিগ বস বাংলার মাঝপথে তাঁর আচমকা বিদায় মেনে নিতে পারেননি অনুরাগীরা। ঘরের অন্যান্য প্রতিযোগীরাও তাঁর চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন। অনেকেই আশা করেছিলেন, অস্ত্রোপচারের পর হয়তো ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আবারও বিগ বসের ঘরে ফিরবেন ঝিলম। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

এদিকে বিগ বস বাংলার ফিনালে ঘনিয়ে আসছে। আর মাত্র চার সপ্তাহের অপেক্ষা। বর্তমানে ঘরে টিকে রয়েছেন দুর্নিবার, নিরঞ্জন, জীতু, সৃজলা, রাজবীর, মনামি, সোনামণি এবং তনুশ্রী। তবে রিয়্যালিটি শো থেকে দূরে থাকলেও ঝিলমের ব্যক্তিগত জীবনের প্রতিটি আপডেটের দিকে নজর রয়েছে তাঁর অনুরাগীদের। দীপাবলির এই ছবিগুলি দেখে অনেকেই আশা করছেন, খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও নিজের স্বাভাবিক ছন্দে ফিরবেন প্রিয় ঝিলম।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.