বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। প্রায় ছয় দশক ধরে হিন্দি চলচ্চিত্রে নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। তবে তাঁর এই সাফল্যের পথ যে মসৃণ ছিল না, তা নিজেই জানিয়েছেন বিগ বি। অভিনয়জীবনের শুরুর দিকে তাঁকে শুধু অভিনয় নিয়ে নয়, তাঁর দীর্ঘ উচ্চতা নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল।
সম্প্রতি ক্রীড়াজগতকে কেন্দ্র করে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে নিজের কর্মজীবনের শুরুর দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ। তাঁকে প্রশ্ন করা হয়, প্রশিক্ষণের সময় ভুল করলে যেমন প্রশিক্ষকের বকুনি শুনতে হয় খেলোয়াড়দের, তেমনই কি শুটিংয়ের সময় পরিচালকদের কাছ থেকেও অভিনেতাদের বকুনি খেতে হয়? প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন অমিতাভ। পরে জানান, অভিনয়ের শুরুর দিকে তাঁকে যথেষ্ট বকুনি শুনতে হয়েছিল। তাঁর কথায়, তাঁকে বলা হত, “তুমি কিছুই জানো না, অভিনয়-টভিনয় কিছুই পারো না। তুমি খুব বেশিই লম্বা, বাড়ি চলে যাও।”
অমিতাভ জানান, কাজ পাওয়ার পরেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। তাঁর সংলাপ বলার ধরন নিয়েও পরিচালকেরা নানা প্রশ্ন তুলতেন। তাঁদের বকুনি এবং নিয়মিত সংশোধনের মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের অভিনয়ের ধরন তৈরি করেছিলেন তিনি।
শুধু অভিনয় নিয়ে নয়, শুটিংয়ে সময়মতো পৌঁছনো নিয়েও এক বার কড়া অভিজ্ঞতা হয়েছিল তাঁর। অমিতাভের নিজের গাড়ি না থাকায় এক দিন অন্যের গাড়ি নিয়ে শুটিংয়ে পৌঁছতে দেরি হয়ে যায়। সেটে গিয়ে তিনি দেখেন, পরিচালক ইতিমধ্যেই শুটিং গুটিয়ে ফেলেছেন এবং বাইরে দাঁড়িয়ে রয়েছেন। অমিতাভকে দেখেই পরিচালক তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
অমিতাভের দাবি, সাধারণত শুটিংয়ে সময় মেনে পৌঁছনোর ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। কিন্তু সেই এক দিনের দেরির জন্যও পরিচালকের কড়া আচরণের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
আজকের অমিতাভ বচ্চনের বিপুল সাফল্যের দিকে তাকালে সেই শুরুর দিনের প্রত্যাখ্যান ও কটাক্ষ যেন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এক সময় যে উচ্চতাকে তাঁর অভিনেতা হওয়ার পথে বাধা বলে মনে করা হয়েছিল, পরবর্তী সময়ে সেই দীর্ঘদেহী উপস্থিতিই হয়ে উঠেছে তাঁর অন্যতম স্বাতন্ত্র্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.