প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসুর বিখ্যাত কাব্যনাটক ‘প্রথম পার্থ’ ফের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে। বহু বছর ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলভাবে মঞ্চস্থ হওয়ার পর এবার নাটকটি আবারও লন্ডনের দর্শকদের সামনে উপস্থাপিত হবে। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী অঞ্জনা বসু, ভূমি ব্যান্ডের সৌমিত্র রায়সহ নাটকের সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তি।
বিদেশে বাংলা নাটকের উপস্থাপনা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অঞ্জনা বসু। তিনি জানান, ‘প্রথম পার্থ’ তাঁর অত্যন্ত প্রিয় একটি প্রযোজনা এবং বিদেশের মাটিতে এই নাটক মঞ্চস্থ করার সুযোগ পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের। বিশেষ করে প্রবাসী বাঙালিদের সামনে অভিনয় করতে পারা নিয়ে তিনি দারুণ উৎসাহিত বলেও জানান।
তবে সাংবাদিক বৈঠকে শুধুই নাটক নয়, উঠে আসে রাজনীতি প্রসঙ্গও। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও সরকার নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী। বরং কৌশলী ভঙ্গিতে তিনি জানান, আপাতত তিনি বিদেশ সফর নিয়েই ভাবতে চান। দেশে ফিরে পরে এই বিষয়ে কথা বলবেন বলেও ইঙ্গিত দেন। তাঁর বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক অবস্থান না থাকলেও, বিষয়টি ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
অঞ্জনা বসু আরও জানান, অত্যন্ত ব্যস্ততার মধ্যেই অল্প সময়ের জন্য লন্ডনে যাচ্ছেন তিনি। ২৭ মে রওনা হয়ে অনুষ্ঠান শেষে ৩০ মে কলকাতায় ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। তাই এই সফরকে তিনি কার্যত ‘ঝটিকা সফর’ বলেই উল্লেখ করেছেন।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত অঞ্জনা বসু। তিনি ভারতীয় জনতা পার্টির সক্রিয় মুখ হিসেবে পরিচিত। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অভিনয় জীবনে ছোট পর্দা থেকেই তাঁর যাত্রা শুরু। ২০০৩ সালে একটি জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশের পর ধীরে ধীরে বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিজের পরিচিতি তৈরি করেন। ‘বিধির বিধান’, ‘বধূবরণ’ এবং ‘বিজয়িনী’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে বহুবার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.