মুক্তির আগেই গিনেস রেকর্ড, দীপিকা-আল্লুর ৮০০ কোটির ‘রাকা’ নিয়ে তুঙ্গে চর্চা

মুক্তি পেতে এখনও প্রায় এক বছর বাকি। তার আগেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে পরিচালক অ্যাটলির বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘রাকা’। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই কল্পবিজ্ঞানভিত্তিক ছবির শুটিংয়ে অভিনব প্রযুক্তি ব্যবহারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ছবিটির।

২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রাকা’র। জানা গিয়েছে, ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে ছবিটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছবির শুটিংয়ের সময় একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল-টাইম মোশন ক্যাপচারের মাধ্যমে ধারণ করা হয়। ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন প্রযুক্তিগত প্রয়োগকে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গত ১৫ সেপ্টেম্বর পরিচালক অ্যাটলি এবং অভিনেতা আল্লু অর্জুনের হাতে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র তুলে দেওয়া হয়।

রেকর্ডের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত আল্লু অর্জুন। তাঁর কথায়, এই সাফল্য গোটা ‘রাকা’ টিমের কাছে গর্বের মুহূর্ত। পরিচালক অ্যাটলির ভাবনা, দূরদর্শিতা, নির্দেশনা এবং পুরো দলের কঠোর পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব হত না বলেও জানান তিনি। একইসঙ্গে এত বড় প্রকল্পে আস্থা রাখার জন্য প্রযোজনা সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

অন্যদিকে, এই গিনেস স্বীকৃতিকে নিজের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন অ্যাটলি। ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনলেও কোনওদিন নিজের ছবির জন্য এমন স্বীকৃতি পাওয়ার কথা ভাবেননি বলে জানিয়েছেন পরিচালক। এক শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন ক্যাপচারের মাধ্যমে একত্রিত করার এই অভিজ্ঞতাকে তিনি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

‘রাকা’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘জওয়ান’-এর সাফল্যের পর প্রায় দু’বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন অ্যাটলি। প্রায় ৮০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে ছবিটি। আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনের মতো দুই তারকার পাশাপাশি ছবিতে হলিউড অভিনেতা উইল স্মিথের উপস্থিতির খবরও রয়েছে।

ছবির গল্পে থাকছে অ্যাকশন, কল্পবিজ্ঞান এবং পুনর্জন্মের উপাদান। অতীত ও বর্তমান—দুই সময়কালকে কেন্দ্র করে এগোবে কাহিনি। অ্যাটলি এমন এক কাল্পনিক জগত তৈরি করছেন, যেখানে অতীতের সঙ্গে বর্তমানের গল্পের যোগসূত্র থাকবে। ছবিতে আল্লু অর্জুন ও দীপিকাকে যোদ্ধার চরিত্রে দেখা যেতে পারে বলেও জানা যাচ্ছে।

২০২৭ সালে ‘রাকা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তার আগে গিনেস রেকর্ডে নাম তুলে ছবিটি যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক