অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ও পরিচালক দেবালয় ভট্টাচার্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এল। শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পর এবার অঙ্কিতার বিরুদ্ধে তিন কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন দেবালয়। ইতিমধ্যেই অভিনেত্রীর উদ্দেশে আইনি নোটিসও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
কয়েক দিন ধরেই টলিপাড়ায় অঙ্কিতা ও দেবালয়কে কেন্দ্র করে জোর চর্চা চলছিল। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অঙ্কিতা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে একটি পার্টিতে দেবালয় তাঁকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন। সেই ঘটনার স্মৃতি এখনও তাঁকে মানসিকভাবে আঘাত দেয় বলেও দাবি করেন অভিনেত্রী।
অঙ্কিতার বক্তব্য অনুযায়ী, পার্টির মধ্যে আচমকাই তাঁর হাত ধরে একটি ঘরে নিয়ে যান দেবালয়। সেখানে দেওয়ালের সামনে আটকে রেখে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি বুঝে তিনি নিজেকে সরিয়ে নেন বলেও জানান অভিনেত্রী।

এই ঘটনার জেরে দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন অঙ্কিতার আইনজীবী। অভিনেত্রীর দাবি, কোনও আর্থিক ক্ষতিপূরণ নয়, বরং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পরিচালককে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এফআইআর দায়েরের কথাও জানানো হয়েছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেবালয় ভট্টাচার্য। তাঁর দাবি, এখনও পর্যন্ত তিনি অঙ্কিতার তরফে কোনও আইনি নোটিস হাতে পাননি। বরং ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলেই মনে করছেন তিনি। সেই কারণেই পালটা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত।

দেবালয় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তা সামাজিক মাধ্যমে প্রচার করা হলেও আইনি পথে আগে আসা হয়নি। তিনি বলেন, যদি সত্যিই এমন অভিযোগ থাকে, তাহলে তা আদালতেই প্রমাণ হওয়া উচিত। পাশাপাশি, শেষ পর্যন্ত তিনিই আদালতের দ্বারস্থ হবেন এবং সত্য সামনে আনবেন বলেও মন্তব্য করেন পরিচালক।
এদিকে, বিতর্কের মাঝেই দেবালয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে পরিচালক জানান, পোস্টটি মূলত অন্য একটি বিষয় নিয়ে লেখা হয়েছিল। পরে এক পরিচিত ব্যক্তি তাঁকে জানান, লেখার উদ্দেশ্য ঠিকভাবে প্রকাশ পাচ্ছে না এবং সেটি ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। এরপরই তিনি পোস্টটি সরিয়ে দেন বলে দাবি করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে বাংলা চলচ্চিত্র মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপ এবং দুই পক্ষের আইনি লড়াইয়ের দিকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.