DeSu7: টলিউডে আবারও তৈরি হলো ইতিহাস। সিনেমা মুক্তির বহু আগেই বিক্রি হয়ে গেল প্রথম দিনের প্রথম শো-এর সমস্ত টিকিট; পাশাপাশি অন্যান্য শো-গুলোর টিকিটও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সম্প্রতি এই সুখবরটি জানিয়েছেন অভিনেতা দেব (Dev)। অনেকেই জানেন, আগামী পুজোতে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর (Subhasree) নতুন সিনেমা।
পুরনো সব মনোমালিন্য ভুলে তারা দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। এটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দেব ও শুভশ্রী ঘোষণা করেছিলেন যে, তারা প্রথমবার একসঙ্গে ফেসবুক লাইভে আসবেন। আর সেখান থেকেই তারা বিশেষ কিছু ঘোষণা করবেন।
সেই অনুযায়ী শুরু হয় দুজনের লাইভ, যেখানে তারা সিনেমা সংক্রান্ত বিভিন্ন কথা শেয়ার করেন এবং অগ্রিম বুকিং শুরুর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেন অভিনেতা, যেখানে তাকে শুভশ্রীর হাত ধরে থাকতে দেখা যায়।
ক্যাপশনে তিনি লিখেছেন, “আবারও ইতিহাস তৈরি হলো! দেশু৭ এর প্রথম দিনের প্রথম শো ইভেন্টটি বেশিরভাগ থিয়েটারে কয়েক মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে, অন্য শোগুলোও দ্রুত ভরে যাচ্ছে! মুক্তির ৯ মাস আগে এই ভালোবাসা অবিশ্বাস্য। এই যাত্রা সবেমাত্র শুরু হয়েছে।”
সবথেকে অবাক করা বিষয় হলো, এই সিনেমার শ্যুটিং হয়তো এখনও সেভাবে শুরুই হয়নি, অথচ তার আগেই টিকিট বিক্রির এমন হিড়িক দেখা গেল। এই ঘটনা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আগে সচরাচর দেখা যায়নি। এর মাধ্যমে টলিউডে সত্যিই এক নতুন ইতিহাস তৈরি করলেন দেব ও শুভশ্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.