‘ধুরন্ধর’ ছবিতে ‘রহমান ডাকাত’-এর চরিত্রে অক্ষয় খান্নার রাঁধুনি হিসেবে দর্শকের নজরে আসা অভিনেতা নাদিম খান এবার বাস্তব জীবনেই গুরুতর অভিযোগে জড়ালেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে এক পরিচারিকার সঙ্গে জোরপূর্বক সহবাস করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযোগকারিণীর বয়স ৪১ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, নাদিম খানকে ২২ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগকারী মহিলা দীর্ঘদিন ধরে একাধিক অভিনেতার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। কয়েক বছর আগে সেই সূত্রেই নাদিম খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
মহিলার অভিযোগ অনুযায়ী, নাদিম খান তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই অভিনেতা একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন। অভিযোগে বলা হয়েছে, কখনও মালওয়ানিতে ওই মহিলার বাড়িতে, আবার কখনও ভার্সোভার অভিনেতার নিজের বাড়িতেই এই ঘটনা ঘটেছে। গত প্রায় ১০ বছর ধরে এই নির্যাতন চলেছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, ভয় দেখিয়ে জোর করে সহবাস করার অভিযোগও উঠেছে অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে।
পরবর্তীতে যখন ওই মহিলা বিয়ের কথা তুললে নাদিম খান তা স্পষ্টভাবে অস্বীকার করেন। এরপরই তিনি ভার্সোভা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে যেহেতু প্রথমবার অপরাধটি মালওয়ানি এলাকায় ঘটেছে বলে অভিযোগ, তাই ভার্সোভা পুলিশ মামলাটি স্থানান্তর করে মালওয়ানি থানায় পাঠায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এর আগে নাদিম খানের বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ দায়ের হয়েছিল কি না। তদন্তের স্বার্থে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছাড়াও নাদিম খানকে ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২) এবং ‘ম্যায় লড়েগা’ (২০২৪) ছবিতে দেখা গিয়েছে। বড় পর্দার পাশাপাশি তিনি মঞ্চনাটকেরও পরিচিত মুখ। তবে এই অভিযোগ তাঁর অভিনয় জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.