টেলিভিশনের জনপ্রিয় শিশু শিল্পী হিয়া দে, যাকে দর্শক এখনও ‘পটলকুমার’ নামেই বেশি মনে রাখেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কবাডি খেলার অনুশীলনের সময় হাতে গুরুতর চোট পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত সপ্তাহে স্কুলে আন্ডার-১৯ কবাডি প্রতিযোগিতার প্রস্তুতির সময় দুর্ঘটনাটি ঘটে। অনুশীলনের এক পর্যায়ে হিয়া পড়ে গেলে শরীরের সম্পূর্ণ চাপ গিয়ে পড়ে তার হাতের কব্জিতে। প্রথমদিকে আঘাতের গুরুত্ব ঠিকভাবে বোঝা না যাওয়ায় বিষয়টি গুরুত্ব পায়নি। পরে ব্যথা ও সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষায় কব্জির হাড় ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত পাওয়ার পর এতদিন চিকিৎসা না করিয়ে যন্ত্রণা সহ্য করাটা ঠিক হয়নি। সেই কারণেই দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে হিয়া হাসপাতালে ভর্তি রয়েছে এবং নির্ধারিত সময়েই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পরিবারের দাবি, শারীরিকভাবে তিনি স্থিতিশীল থাকলেও দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন সবাই।
হিয়ার মা জানিয়েছেন, মেয়ের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখন তাঁদের একমাত্র লক্ষ্য, সফল অস্ত্রোপচারের মাধ্যমে হিয়া দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
বর্তমানে হিয়া একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই সমান আগ্রহ রয়েছে তার। যদিও সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় তাকে খুব একটা দেখা যায়নি, তবুও ভবিষ্যতে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিতে চায় বলে আগেই জানিয়েছিল। তবে তার আগে শিক্ষাজীবন সফলভাবে শেষ করাই এখন তার প্রধান অগ্রাধিকার।
এক সময় জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’-র মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া হিয়া দে এখনও সেই পরিচয়েই পরিচিত। তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করছেন এবং অস্ত্রোপচার সফল হওয়ার প্রার্থনা জানাচ্ছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.