লেকটাউনে স্থাপিত ৭০ ফুট উচ্চতার লিওনেল মেসির মূর্তিকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাওয়ার দাপটে বিশাল ওই মূর্তিটি দুলতে শুরু করেছে। এর ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক এবং লেকটাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূর্তিটির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারপাশে পাথর ও মাটি সরে বেরিয়ে আসায় কাঠামোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর মূর্তির নীচে থাকা বড় স্ক্রিনে আইপিএল ম্যাচ দেখতে বহু মানুষের ভিড় জমে। সেই সময় কোনও দুর্ঘটনা ঘটলে বড় বিপদের আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন বাসিন্দারা।
প্রশাসনিক সূত্রে খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, পরিস্থিতি খতিয়ে দেখে সোমবার রাতের মধ্যেই মূর্তিটি সরিয়ে ফেলার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সেই সময় কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা Lionel Messi। তাঁর আগমন ঘিরে শহরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধনও করেছিলেন মেসি নিজে। শিল্পী মন্টি পালের নেতৃত্বে তৈরি হয়েছিল এই প্রকল্প।
তবে মেসিকে ঘিরে উন্মাদনার মাঝেই সেই সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনাও সামনে এসেছিল। দর্শকদের ভিড় সামলাতে সমস্যার সৃষ্টি হয়। আর এবার সেই মেসির মূর্তিকেই ঘিরে তৈরি হল নতুন বিতর্ক ও নিরাপত্তা উদ্বেগ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.