Mimi: আবারো শাড়িতে চমক দিলেন মিমি চক্রবর্তী (Mimi)। দুর্গাপুজোর আগে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য একের পর এক চমক নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। তার আসন্ন সিনেমা ‘এম্পরর ভার্সেস শরৎচন্দ্র’-কে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল। এবার প্রকাশ্যে এলো সিনেমার দ্বিতীয় গান ‘তোমারেই করিয়াছি’।
গানটির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী-সহ সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নতুন সংগীতায়োজনে পর্দায় তুলে ধরার এই প্রয়াসে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। ১৭ই সেপ্টেম্বর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গানটির আনুষ্ঠানিক উন্মোচন হয়।
নির্মাতাদের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘তোমারেই করিয়াছি’ গানটি সিনেমার গুরুত্বপূর্ণ আবহের সঙ্গে যুক্ত। মিউজিক লঞ্চের মুহূর্তের একাধিক ছবি ও ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে। মিমি চক্রবর্তী এবং সৃজিত মুখার্জির উপস্থিতি অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন মিমি। সাথে লেখেন, ”তোমারেই করিয়াছি’এর মিউজিক লঞ্চ থেকে। ‘এম্পরর ভার্সেস শরৎচন্দ্র’ যা ১৫ই অক্টোবর, ২০২৬-এ মুক্তি পাচ্ছে।” উল্লেখ্য, এই সিনেমা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষকে কেন্দ্র করে তৈরি।
সিনেমাটিতে আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী-সহ একাধিক শিল্পীদের দেখা যাবে। সাহিত্য, ইতিহাস এবং ঔপনিবেশিক সময়ের রাজনৈতিক আবহকে কেন্দ্র করে তৈরি এই সিনেমা দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা। গানের মিউজিক লঞ্চের পর এখন অপেক্ষা সিনেমার পর্দায় এই গান এবং গল্পের আবহ কতটা দর্শকদের ছুঁয়ে যায়, তা দেখার।

Sudeshna has been writing entertainment reports since 2021.