উর্মিলা মাতোণ্ডকরের প্রাক্তন স্বামী মোহসিন অখ্তর সম্প্রতি তাঁর দ্বিতীয় স্ত্রী নিধা ভট্টের সঙ্গে প্রীতিভোজের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। পাশাপাশি স্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন এক আবেগঘন বার্তাও। মোহসিনের সেই পোস্টের পরেই উর্মিলার একটি রহস্যময় সমাজমাধ্যম পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।
প্রীতিভোজের ছবিতে গোলাপি শেরওয়ানিতে দেখা গিয়েছে মোহসিনকে। অন্য দিকে, লাল পোশাকে নজর কেড়েছেন নিধা। ছবিগুলি পোস্ট করে স্ত্রীকে উদ্দেশ করে মোহসিন লেখেন, “তুমি শুধু আমার স্ত্রী নও। তুমি আমার ঘর, আমার শান্তি এবং প্রতিদিনের সবচেয়ে প্রিয় অংশ হয়ে উঠেছ।” নিধাকে জীবনে পাওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, জীবনের প্রতিটি অধ্যায়ে স্ত্রীকে আগলে রাখবেন, তাঁর পাশে থাকবেন এবং ভালবাসবেন।
মোহসিনের এই আবেগঘন পোস্টের মাঝেই নজর কেড়েছে উর্মিলার ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে অভিনেত্রী লিখেছেন, “আমি দামি জিনিস পছন্দ করি— যেমন ভালবাসা, আনুগত্য এবং সময়।” উর্মিলার এই বার্তা মোহসিনের পোস্টের পরেই সামনে আসায় দু’টি পোস্টকে ঘিরে সমাজমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও উর্মিলা তাঁর পোস্টে কাউকে সরাসরি উল্লেখ করেননি।
চলতি বছরের জুনেই দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন মোহসিন। সেই সময় নতুন করে ভালবাসা খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, বিশুদ্ধ উদ্দেশ্য, সৎ ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে তিনি নতুন জীবন শুরু করছেন। তাঁর কথায়, আল্লাহর নির্ধারিত সঠিক সময়েই তিনি তাঁর সুন্দরী স্ত্রী নিধাকে পেয়েছেন। নিধা তাঁর জীবনে আলো এনেছেন বলেও জানিয়েছিলেন মোহসিন।
উল্লেখ্য, মোহসিন অখ্তর এর আগে অভিনেত্রী উর্মিলা মাতোণ্ডকরের স্বামী ছিলেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন দু’জনে। তাঁদের বিয়ে সেই সময় যথেষ্ট চর্চায় এসেছিল। তাঁদের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান এবং ভিন্ধর্মী বিয়েও ছিল আলোচনার বিষয়।

কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মোহসিনের সঙ্গে উর্মিলার প্রথম পরিচয় হয় ২০১৪ সালে। পোশাকশিল্পী মনীশ মলহোত্রের ভাইঝির বিয়েতে তাঁদের আলাপ হয়েছিল। প্রায় এক দশকের দাম্পত্যের পর তাঁদের সম্পর্কে চিড় ধরে। এরপর দু’জনেই আলাদা পথে হাঁটেন।
এখন মোহসিনের দ্বিতীয় বিয়ে এবং উর্মিলার রহস্যময় বার্তা— দুই ঘটনাই নতুন করে তাঁদের পুরনো সম্পর্ককে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে উর্মিলার পোস্টটি আদৌ প্রাক্তন স্বামীকে উদ্দেশ করে কি না, সে বিষয়ে অভিনেত্রী নিজে কোনও ব্যাখ্যা দেননি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.