ফের শোকের ছায়া নেমে এল ভারতীয় চলচ্চিত্র জগতে। প্রয়াত হলেন বলিউডের প্রবীণ অভিনেতা মুশতাক খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
যদিও মুশতাক খানের পরিবারের তরফে এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অভিনেতার আকস্মিক প্রয়াণের খবরে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে বিনোদন মহলে।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে হিন্দি সিনেমার পাশাপাশি টেলিভিশন ও নাট্যমঞ্চেও কাজ করেছেন মুশতাক খান। পার্শ্বচরিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং নিখুঁত কমেডি টাইমিং তাঁকে দর্শকদের কাছে বিশেষ পরিচিত করে তুলেছিল।
‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদী করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ও মাই গড!’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।
২০০১ সালের জনপ্রিয় ছবি ‘গদর: এক প্রেম কথা’-য় ‘গুল খান’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের বিশেষভাবে মনে ধরেছিল। দীর্ঘ সময় পর ‘গদর ২’-তেও একই চরিত্রে ফিরে এসেছিলেন মুশতাক। ফলে পুরনো চরিত্রে তাঁর প্রত্যাবর্তনও দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছিল।

জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। সাম্প্রতিক সময়ে ‘জাত’, ‘ধুম ধাম’, ‘বনবাস’, ‘বেবি জন’, ‘উগ্রপুর ফাইলস’, ‘অন্বেষণ’-এর মতো বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। পাশাপাশি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তেও তাঁকে দেখা গিয়েছে।
কমেডি থেকে শুরু করে অপেক্ষাকৃত গম্ভীর চরিত্র—বিভিন্ন ধরনের ভূমিকায় নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন মুশতাক খান। কয়েক দশকের কর্মজীবনে একাধিক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর প্রয়াণে বলিউড হারাল এক দক্ষ চরিত্রাভিনেতাকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.