Shreya: আরো কিছু মনোমুগ্ধকর ছবি ভাগ করে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সাথে তিনি বুঝিয়ে দিলেন দেশের ঐতিহ্যবাহী পোষাক পরেও বিশ্ব মঞ্চে নিজের স্বপ্নের পেছনে এগিয়ে যাওয়া যায়। হয়তো অনেকেই জানেন গানের পাশাপাশি এই শিল্পী সাজগোজ করতে ভীষণ পছন্দ করেন।
বিশেষ করে শাড়ি পরতে খুবই ভালোবাসেন তিনি। যে বিষয়টি আমরা আগেও দেখেছি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন অনুষ্ঠান এবং কনসার্টে শাড়ি পরে পারফর্ম করতে যান তিনি। আর সবথেকে অবাক করা বিষয় হলো দেশের বাইরে বিদেশে গিয়েও তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।
সেরকমই কয়েকটি শাড়ি লুক ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যা দেখার পর আরো একবার মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। এদিন একটি বেগুনি রংয়ের শাড়িতে দেখা গিয়েছে শ্রেয়াকে। আর সাথে সংযোজন হয়েছে সবুজের ওপর সোনালী জরি বসানো একটি জ্যাকেট।
শাড়ি ও জ্যাকেটে একই সবুজ রঙের পাড় দেখা গিয়েছে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হাইড্রোলিক স্টেজে শাড়ি পরে এক ভারতীয় মেয়ে তার স্বপ্নকে তাড়া করছে! আমার তো এমনই ভালো লাগে।’ পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেসব ছবি।
প্রত্যেকেই বলছেন এই শিল্পীর শাড়ি লুক তারা ভীষণ পছন্দ করেন। একইসাথে তার গানের প্রশংসা করতেও ভোলেননি নেটিজেনরা। উল্লেখ্য, খুব অল্প বয়সে সংগীত জগতে প্রবেশ করেছিলেন তিনি। প্রথমে বিভিন্ন প্রতিযোগিতা এবং শেষে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে নেপথ্যশিল্পী হিসেবে কাজ করা। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

Sudeshna has been writing entertainment reports since 2021.