ভারতে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা, অতিরিক্ত ওজন, মানসিক চাপ এবং পারিবারিক ইতিহাস— এই সব কারণ মিলিয়েই ঝুঁকি বাড়তে পারে। সাম্প্রতিক স্বাস্থ্য সমীক্ষাগুলিও দেখাচ্ছে, আগামী কয়েক দশকে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
চিকিৎসকদের একাংশের মতে, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে কিছু যোগাসন শরীরের লসিকা গ্রন্থি সক্রিয় রাখতে, বুকের পেশিতে রক্তসঞ্চালন বাড়াতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে শরীরে অস্বাভাবিক কোষ বৃদ্ধির সম্ভাবনাও কিছুটা কমতে পারে।
মৎস্যেন্দ্রাসন

এই আসনে শরীর মোচড়ানো অবস্থায় থাকে, ফলে বুক ও মেরুদণ্ডের পেশিতে টান পড়ে এবং রক্ত চলাচল উন্নত হয়। নিয়মিত অভ্যাসে বুকের আশপাশের লসিকা গ্রন্থিগুলি সক্রিয় থাকে। পাশাপাশি মেরুদণ্ড নমনীয় হয় এবং শরীরের জড়তা কমে।
উষ্ট্রাসন
উষ্ট্রাসন মূলত বুক ও পেটের অংশ প্রসারিত করে। এই যোগাভ্যাসে শরীরের সামনের অংশে অক্সিজেন সরবরাহ বাড়ে এবং থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা উন্নত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হরমোনের ভারসাম্য ঠিক রাখা মহিলাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।
সালম্ব সর্বাঙ্গাসন
এই আসনে শরীর উলম্ব অবস্থায় থাকায় রক্ত সঞ্চালনের ধরণ বদলায় এবং শরীরের বিভিন্ন গ্রন্থিতে রক্ত পৌঁছতে সুবিধা হয়। নিয়মিত অভ্যাসে হরমোন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। একই সঙ্গে বুকের পেশি ও শ্বাসপ্রশ্বাসের কার্যকারিতাও উন্নত হয়।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধুমাত্র যোগাসনের উপর নির্ভর করলেই হবে না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান বা মদ্যপান এড়ানোও সমান গুরুত্বপূর্ণ। পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর স্ক্রিনিং করানো প্রয়োজন।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.