সারা দেশে BSNL-এর VoWiFi পরিষেবা চালু, দুর্বল সিগন্যালেও হবে ঝরঝরে কল

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সারা দেশে Voice over Wi-Fi বা VoWiFi পরিষেবা চালু করল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবার ঘোষণা করা হয়। এর মাধ্যমে Airtel ও Reliance Jio-র মতো বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে একই সারিতে পৌঁছে গেল BSNL।

VoWiFi বা Wi-Fi Calling প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে Wi-Fi ব্যবহার করে ফোন কল করতে এবং মেসেজ পাঠাতে পারবেন। বিশেষ করে যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল বা প্রায় নেই, সেখানে এই পরিষেবা অত্যন্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

BSNL জানিয়েছে, দেশের সমস্ত টেলিকম সার্কেলেই এই পরিষেবা এখন থেকে পাওয়া যাবে। এটি সংস্থার নেটওয়ার্ক আধুনিকীকরণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপ। গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায়, যেখানে এখনও পর্যাপ্ত মোবাইল নেটওয়ার্ক পৌঁছয়নি, সেখানে VoWiFi গ্রাহকদের জন্য বড় সুবিধা হয়ে উঠবে। পাশাপাশি শহরের বাড়ি, অফিস, বেসমেন্ট বা ঘরের ভিতরের মতো জায়গায় দুর্বল সিগন্যালের সমস্যাও অনেকটাই কমবে।

সংস্থার দাবি অনুযায়ী, VoWiFi একটি IMS-ভিত্তিক পরিষেবা, যা মোবাইল নেটওয়ার্ক এবং Wi-Fi-র মধ্যে নির্বিঘ্ন হ্যান্ডওভার সাপোর্ট করে। এর ফলে কল চলাকালীন নেটওয়ার্ক বদলালেও কল ড্রপ হওয়ার সম্ভাবনা কম থাকবে। গ্রাহকরা তাঁদের বর্তমান মোবাইল নম্বর এবং ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই কল করতে পারবেন। আলাদা করে কোনও থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই।

BSNL আরও জানিয়েছে, এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। Wi-Fi কল করার জন্য গ্রাহকদের অতিরিক্ত কোনও চার্জ দিতে হবে না। একই সঙ্গে এই প্রযুক্তি নেটওয়ার্ক কনজেশন কমাতেও সাহায্য করবে বলে সংস্থার দাবি।

বেশির ভাগ আধুনিক স্মার্টফোনেই VoWiFi সাপোর্ট করে। পরিষেবা ব্যবহার করতে ফোনের সেটিংসে গিয়ে Wi-Fi Calling অপশন চালু করতে হবে। ডিভাইস কম্প্যাটিবিলিটি বা কারিগরি সহায়তার জন্য গ্রাহকরা নিকটবর্তী BSNL কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা ১৮০০-১৫০-৩ নম্বরে হেল্পলাইনে ফোন করতে পারেন।

উল্লেখ্য, Airtel, Reliance Jio এবং Vodafone Idea-র মতো টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যেই বহু বছর ধরে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই Wi-Fi Calling পরিষেবা দিয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর নাম, যা গ্রাহকদের জন্য যোগাযোগের আরও একটি নির্ভরযোগ্য বিকল্প খুলে দিল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক