Dev: ইন্ডাস্ট্রিতে ২০ বছর উপলক্ষ্যে উদযাপন করলেন অভিনেতা দেব (Dev)। আর পাশে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিলেন তার প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এদিন সেই ভিডিও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দেখতে দেখতে কুড়িটা বছর টলিউডে সম্পূর্ণ করলেন অভিনেতা।
হাজার চড়াই-উতরাই পেরিয়ে তিনি সুপারস্টারের তকমা লাভ করেছেন। বর্তমানে রীতিমতো রাজত্ব করছেন টলিউডে। আর তার এই অভূতপূর্ব যাত্রাকে উদযাপন করা হলো তার অফিসে। সমস্ত সহকারীদের সাথে এই বিশেষ দিনটি উপভোগ করলেন অভিনেতা। কেক কাটলেন প্রিয় মানুষকে পাশে নিয়ে।
ভিডিওতে দেখা যায় সকলের উপস্থিতিতে কেক কাটছেন তিনি এবং তাদের করতালি শেষ হলে তিনি বলেন, ‘টলিউডে কুড়ি বছর। ধন্যবাদ উপস্থিত সবাইকে। সমস্ত দর্শকদের যারা আমাকে এতোদিন সহ্য করেছেন, ভালোবেসেছেন এবং আমার জন্য প্রার্থনা করেছেন। এটা অসাধারণ একটা যাত্রা ছিল।’
একইসাথে ভিডিওটি শেয়ার করে দিন ক্যাপশনে লিখেছেন, ‘২০ বছর পূর্তি উদযাপন আমাদের অফিসে, আমাদের দলের সাথে এবং অসীম কৃতজ্ঞতার সাথে। দুই দশকের তারকাখ্যাতি, কঠোর পরিশ্রম এবং লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, সেই জায়গা থেকে গর্বের সাথে চিহ্নিত যেখানে প্রতিদিন সিনেমা বেঁচে থাকে এবং শ্বাস নেয়।’
ভিডিওটি দেখামাত্র তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা। একইসাথে প্রার্থনা করেছেন তিনি যেন এভাবেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন দর্শকদের। উল্লেখযোগ্য, শেষবার তাকে দেখা গিয়েছে ‘প্রজাপতি ২’ সিনেমায়। এছাড়াও তার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।