বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে গাছপালা শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং ঘরের এনার্জি ব্যালান্স করতেও বড় ভূমিকা নেয়। আমরা অনেকেই ঋতু বা সুবিধা অনুযায়ী গাছ লাগাই, কিন্তু খুব কম মানুষই জানেন যে গাছ রোপণের নির্দিষ্ট শুভ সময় ও নিয়ম রয়েছে। এই নিয়মগুলি মানলে গাছ যেমন ভালোভাবে বেড়ে ওঠে, তেমনই বাড়ির সুখ-সমৃদ্ধিও দ্বিগুণ হয়।
বাস্তুশাস্ত্র বলছে, বৃক্ষরোপণের জন্য চন্দ্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে, শুক্ল পক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত সময় গাছের চারা লাগানোর জন্য সবচেয়ে শুভ। এই সময়ে লাগানো গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং বাড়ির ইতিবাচক শক্তিকে আরও সক্রিয় করে তোলে।
আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল—গাছ সরাসরি মাটিতে না লাগিয়ে প্রথমে একটি মাটির টবে বা পাত্রে লাগানো উচিত। কিছুদিন পরে সেই গাছ মাটিতে প্রতিস্থাপন করলে তার শিকড় মজবুত হয় এবং গাছ দীর্ঘদিন সুস্থ থাকে। বাস্তুশাস্ত্র মতে, এই পদ্ধতি ঘরের বাস্তুদোষ কমাতেও সহায়ক।
শুধু গাছ লাগালেই চলবে না, নিয়মিত পরিচর্যাও অত্যন্ত জরুরি। সময়ে সময়ে গাছের শুকনো ডাল কাটা, ছাঁটাই করা প্রয়োজন। তা না করলে গাছের মধ্যে জমে থাকা নেতিবাচক শক্তি পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে মন অস্থির থাকা, কাজে বাধা আসা কিংবা অকারণ উদ্বেগ দেখা দিতে পারে বলে বিশ্বাস করা হয়।
বাড়ির চারপাশে যদি কাঁটাযুক্ত বা দুধযুক্ত ক্ষতিকর গাছ থাকে এবং সেগুলো অপসারণ সম্ভব না হয়, তাহলে তার আশেপাশে শুভ গাছ লাগানোর পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র। বিশেষ করে অশোক, নাগকেশর বা শমি গাছ এই ধরনের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে।
তবে বাড়ির খুব কাছাকাছি বড় গাছের ঘন ছায়াও শুভ নয়। শাস্ত্র মতে, অতিরিক্ত ছায়া ঘরের শক্তিকে ভারী করে তোলে, যার ফলে বাড়িতে অশান্তি, মানসিক চাপ এবং স্থায়িত্বের অভাব দেখা দিতে পারে।
সব মিলিয়ে বলা যায়, সঠিক দিন, সঠিক নিয়ম এবং নিয়মিত যত্ন—এই তিনটি বিষয় মেনে গাছ রোপণ করলে বাস্তুশাস্ত্র অনুযায়ী সংসারে শান্তি, সমৃদ্ধি ও সুখ বজায় থাকে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য জ্যোতিষশাস্ত্রের সাধারণ বিশ্বাস ও তথ্যের উপর ভিত্তি করে লেখা। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সংবাদ ভবন এটি নিশ্চিৎ করে না।)

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.