Twisha Sharma: ত্বিষা মৃত্যু মামলায় নতুন মোড়, গর্ভপাত ও ৭ লক্ষ টাকা নিয়ে চাঞ্চল্যকর দাবি স্বামীর

মধ্যপ্রদেশের ভোপালে ত্বিষা শর্মার রহস্যমৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড় এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার গ্রহণ করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ইতিমধ্যেই নতুন এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনায় অন্যতম অভিযুক্ত ত্বিষার স্বামী সমর্থ সিং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

গত ১২ মে ভোপালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় ৩৩ বছর বয়সী ত্বিষা শর্মার ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়, তিনি আত্মহত্যা করেছেন। তবে ত্বিষার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের পর তাঁকে খুন করা হয়েছে।

প্রথম ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, জীবিত অবস্থাতেই তাঁর গলায় ফাঁস লাগানো হয়েছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া যায় বলে জানা গেছে। এই পরিস্থিতিতে পরিবারের আবেদনের ভিত্তিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সেই পরীক্ষা করছে।

তদন্তে উঠে এসেছে, বিয়ের পর প্রথম কয়েক মাস দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক থাকলেও পরে সমস্যার সূত্রপাত হয়। পুলিশের জেরায় সমর্থ সিং দাবি করেছেন, ত্বিষা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সম্পর্কে অশান্তি শুরু হয়। তাঁর আরও দাবি, গর্ভপাতের পর ত্বিষা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ঘটনার পর প্রায় ১০ দিন আত্মগোপন করে ছিলেন সমর্থ। পরে জব্বলপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, এই সময় তিনি মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলেন যাতে তাঁর অবস্থান শনাক্ত করা না যায়। কারা তাঁকে আশ্রয় দিয়েছিল, তা জানার চেষ্টা চলছে। যদিও এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

জেরার সময় সমর্থ আরও দাবি করেন, তিনি ত্বিষাকে ৭ লক্ষ টাকা দিয়েছিলেন। তবে সেই টাকা কেন দেওয়া হয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। তদন্তের স্বার্থে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ, পাসপোর্ট, আধার কার্ড-সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সিবিআই সমর্থ সিং এবং তাঁর মা গিরিবালা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং Dowry Prohibition Act-এর আওতায় মামলা দায়ের করেছে। অন্যদিকে, গিরিবালার আগাম জামিনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।

ত্বিষার পরিবারের অভিযোগ, প্রথম থেকেই তদন্তে গাফিলতি ছিল। অভিযোগ দায়েরের পর এফআইআর করতে দেরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন সিবিআই তদন্তে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক