Rupam Islam: প্রবীণ সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং দীর্ঘদিনের রবিতীর্থের অধ্যক্ষ রবীন মুখোপাধ্যায় বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল। আর এই প্রিয় শিক্ষকের বিদায়ে গভীর আবেগে স্মৃতিচারণ করেছেন তাঁর ছাত্র, জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপম ইসলাম।
রবীন মুখোপাধ্যায় ছিলেন স্বনামধন্য শিল্পী শৈলেন মুখোপাধ্যায়ের সহোদর। পাশাপাশি তিনি কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের দীর্ঘদিনের সহযোগী, তাঁর বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক এবং রবিতীর্থের অধ্যক্ষ হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। সুচিত্রা মিত্রকে নিয়ে তাঁর স্মৃতিকথা ‘কত কথা মনে পড়ে, প্রসঙ্গ সুচিত্রা মিত্র’ সঙ্গীতপ্রেমীদের কাছে মূল্যবান দলিল হিসেবে বিবেচিত।
তবে রূপম ইসলাম(Rupam Islam)-এর কাছে রবীন মুখোপাধ্যায়ের পরিচয় ছিল আরও গভীর। তিনি শুধু শিক্ষক নন, বরং তাঁর সঙ্গীতজীবনের অন্যতম প্রধান প্রেরণা। রূপম জানিয়েছেন, বাণীচক্রে গান শেখার সময় প্র্যাক্টিক্যাল পরীক্ষায় রবীন মুখোপাধ্যায়ের মূল্যায়নই প্রথম তাঁকে নিজের কণ্ঠসঙ্গীতের সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী করে তোলে। সেই সময় টানা চার বছর গানের ক্লাসে প্রথম হওয়ার সাফল্য তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রূপমের কথায়, এই স্বীকৃতিই তাঁকে পড়াশোনাতেও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

শিক্ষক হিসেবে রবীন মুখোপাধ্যায়ের উদার মানসিকতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন রূপম। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, লালন, সলিল চৌধুরীর গান, লোকগান, ঝুমুর, খেয়াল, ভজন— বিভিন্ন ধারার সংগীতচর্চার পাশাপাশি তিনি বাংলা রক সঙ্গীতকেও সমান আন্তরিকতায় গ্রহণ করেছিলেন। রূপমের ভাষায়, নতুন ধারার গান নিয়েও তাঁর উৎসাহ, প্রশংসা এবং সমর্থন তাঁকে বারবার অভিভূত করেছে।
রূপম আরও জানান, তাঁর বাবা-মা কেউই শিল্পী হিসেবে তাঁর প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি। সেই শূন্যতা অনেকটাই পূরণ করেছিলেন রবীন মুখোপাধ্যায়। নতুন গান প্রকাশ বা অনুষ্ঠান সফল হলে শিক্ষকের প্রশংসা তাঁর কাছে ছিল পিতার আশীর্বাদের মতো। এক বছর আগে একক অনুষ্ঠানে রবীন মুখোপাধ্যায়ের আবেগঘন আলিঙ্গনের স্মৃতিও তিনি তুলে ধরেন।

প্রয়াত শিক্ষকের শেষ দর্শনের অভিজ্ঞতা জানাতে গিয়ে রূপম লেখেন, ক্যানসারে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যেই রবীন মুখোপাধ্যায়ের শারীরিক অবনতি ঘটে। তাঁর নিথর দেহের সামনে দাঁড়িয়ে শিল্পীর মনে হয়েছে, যেন তিনি আবারও একজন পিতৃসম মানুষকে হারালেন।
আবেগঘন স্মৃতিচারণের শেষে রূপম ইসলামের একটাই উপলব্ধি— “আমি আজ আবার পিতৃহারা হলাম।”

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.