Sonu Nigam: সঙ্গীত যে তাঁর কাছে শুধু পেশা নয়, বরং গভীর আবেগ—আরও একবার তারই প্রমাণ দিলেন সোনু নিগম (Sonu Nigam)। অস্ত্রোপচার চলাকালীন প্রবল যন্ত্রণার মধ্যেও অপারেশন থিয়েটারে গলা ছেড়ে মহম্মদ রফির গান গাইতে দেখা গেল জনপ্রিয় এই গায়ককে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ত্রোপচারের সময়কার সেই ভিডিয়ো শেয়ার করেন সোনু। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। অস্ত্রোপচার চলাকালীনই গান ধরেছেন সোনু। তাঁর কণ্ঠে শোনা যায় মহম্মদ রফির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। ১৯৪৯ সালের ছবি ‘দুলারি’-র এই গানটি সোনুর অত্যন্ত পছন্দের বলেই জানা যায়।
ভিডিয়োটি শেয়ার করে সোনু লেখেন, তাঁর প্রিয় চিকিৎসক নীলেশ সাতভাই এবং তাঁর দলের জন্য অস্ত্রোপচারের সময়ই এই বিশেষ পরিবেশনা। যন্ত্রণার মাঝেও গান—সঙ্গীতের আনন্দ যে কতটা গভীর, সেই কথাই নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি।
সোনুর এই ভিডিয়ো দেখে মুগ্ধ তাঁর সহকর্মী এবং অনুরাগীরা। গায়িকা শ্রেয়া ঘোষাল মন্তব্য করে লেখেন, এমন পরিস্থিতিতেও সঙ্গীতের প্রতি সোনুর নিষ্ঠা এবং তাঁর পারফরম্যান্স অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন শ্রেয়া। শ্রদ্ধা পণ্ডিতও সোনুর সুস্থতা কামনা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় সোনুর অনুরাগীরাও তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অনেকেই তাঁর মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন। তাঁদের মতে, অস্ত্রোপচারের মতো কঠিন পরিস্থিতিতেও গান গাওয়ার ক্ষমতা সোনু নিগমের সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং অসাধারণ মনোবলেরই পরিচয়।
তবে এখনও পর্যন্ত সোনু নিগম তাঁর অস্ত্রোপচারের সঠিক কারণ প্রকাশ করেননি। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত জুন মাসেও নিজের স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সোনু। সেখানে তিনি জানিয়েছিলেন, নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি। তাঁর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে এমআরআই এবং সিটি স্ক্যানও ছিল।
অস্ত্রোপচারের কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, কঠিন সময়েও সোনুর গান গাওয়ার এই ভিডিয়ো ফের মনে করিয়ে দিল—সঙ্গীত তাঁর কাছে শুধু গান নয়, বেঁচে থাকার এক গভীর অনুভূতি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.