দুই নৃত্যশিল্পীকে হেনস্তা ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন রেলের এক টিকিট পরীক্ষক। অভিযুক্তের নাম প্রশান্ত নাথ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হচ্ছে। ঘটনার প্রায় এক মাস পর বুধবার রাতে সোনারপুর জিআরপি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত গত ১৮ জুলাই। রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার জন্য গোবরডাঙা স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন দুই তরুণী। অভিযোগ, ভুল করে তাঁরা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়েন। বনগাঁ স্টেশনে নামার পর কর্তব্যরত টিকিট পরীক্ষক প্রশান্ত নাথ তাঁদের আটক করেন। ভেন্ডার কম্পার্টমেন্টে যাত্রার অভিযোগে তিনি আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন বলে অভিযোগ।
সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় আতঙ্কিত হয়ে দুই তরুণী তাঁদের মায়েদের ফোন করেন। অভিযোগ, এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফোনে তাঁদের অভিভাবকদের সঙ্গে প্রশান্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। নাচের ক্লাসে দেরি হওয়ায় প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা ফোন করে বিষয়টি জানতে চাইলে তাঁকেও অশালীন ভাষায় অপমান করা হয় বলে অভিযোগ।
এরপর ওই দুই তরুণীকে একটি ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। সেখানেই তাঁদের উদ্দেশে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন ওই টিকিট পরীক্ষক। অভিযোগ, প্রশান্ত তাঁদের বলেন, “একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো।”
ঘটনার পর দুই তরুণীর অভিভাবক এবং নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত টিকিট পরীক্ষকের শাস্তির দাবিতে শতাধিক নৃত্যশিল্পী তাঁর ছবি হাতে নিয়ে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভও দেখান।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রায় এক মাস পর বুধবার রাতে সোনারপুর জিআরপি থানা এলাকা থেকে প্রশান্ত নাথকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.