Recipe: বাজার থেকে কিনে আনা কলা অনেক সময় খাওয়ার আগেই অতিরিক্ত পেকে নরম হয়ে যায়। এমন কলা দেখতে বা গন্ধে অনেকেরই ভালো লাগে না। ফলে ব্যবহার না করে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। কিন্তু পাকা নরম কলা দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের একটি ডেজার্ট—ক্যারামেল ব্যানানা বাইটস।
বাইরে থাকবে কড়মড়ে ক্যারামেলের আবরণ, ভিতরে নরম মিষ্টি কলা। সঙ্গে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করলে বাড়িতেই তৈরি হবে রেস্তরাঁর মতো লোভনীয় ডেজার্ট।
কী কী লাগবে?
কলার জন্য
*৩–৪টি পাকা নরম কলা
*সামান্য ময়দা
ব্যাটারের জন্য
*১ কাপ ময়দা
*এক চিমটি লবণ
*আধা চা-চামচ বেকিং পাউডার
*প্রয়োজনমতো বরফঠান্ডা জল
ক্যারামেলের জন্য
*আধা কাপ চিনি
*আধা কাপ জল
পরিবেশনের জন্য
*ভ্যানিলা আইসক্রিম
*কয়েকটি পুদিনা পাতা
কীভাবে বানাবেন?
১. প্রথমে তৈরি করুন ব্যাটার
একটি পাত্রে ময়দা, লবণ ও বেকিং পাউডার নিন। অল্প অল্প করে বরফঠান্ডা জল দিয়ে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটার খুব পাতলা বা অতিরিক্ত ঘন হবে না। এমন ঘনত্ব রাখুন, যাতে কলার টুকরোর গায়ে সহজেই লেগে থাকে। তৈরি ব্যাটার ৫–১০ মিনিট রেখে দিন।
২. কলা কেটে নিন
পাকা কলা ছোট ছোট টুকরো করে কাটুন। কলা বেশি নরম হলে সাবধানে কাটবেন, যাতে চটকে না যায়। এরপর প্রতিটি টুকরোর গায়ে অল্প শুকনো ময়দা মাখিয়ে নিন।
৩. ভেজে নিন কলার টুকরো
ময়দা মাখানো কলার টুকরোগুলি ব্যাটারে ডুবিয়ে গরম সাদা তেলে একে একে ভাজুন। বাইরের অংশ সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে নিন। চাইলে ডুবোতেলের পরিবর্তে এয়ার ফ্রায়ারেও তৈরি করতে পারেন। তবে এয়ার ফ্রায়ারে রান্নার সময় নজর রাখুন, যাতে পুড়ে না যায়।
ভাজা কলাগুলি ঝাঁঝরিতে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখুন।
৪. তৈরি করুন ক্যারামেল
এবার পরিষ্কার একটি প্যানে আধা কাপ চিনি নিন। অল্প অল্প করে জল দিয়ে দ্রুত নাড়তে থাকুন। প্রথমে চিনি গলে যাবে। তারপর ধীরে ধীরে সেটি সোনালি রঙের তরল ক্যারামেলে পরিণত হবে।
৫. ক্যারামেলের আবরণ দিন
এই ধাপটি দ্রুত করতে হবে। গরম ক্যারামেলের মধ্যে ভাজা কলার টুকরোগুলি দিয়ে আলতো হাতে টস করুন, যাতে প্রতিটি টুকরোর চারপাশে পাতলা ক্যারামেলের আবরণ তৈরি হয়।
এরপর সঙ্গে সঙ্গে কলাগুলি ঝাঁঝরিতে তুলে এক মুহূর্তের জন্য বরফঠান্ডা জলে ডুবিয়ে তুলে নিন। বেশি সময় জলে রেখে দেবেন না। ঠান্ডা জলের সংস্পর্শে গরম ক্যারামেল দ্রুত শক্ত হয়ে কলার চারপাশে কড়মড়ে খোলস তৈরি করবে।
তারপর কলার টুকরোগুলি পরিষ্কার টিস্যু পেপারের উপর রাখুন।
কীভাবে পরিবেশন করবেন?
একটি প্লেটে কয়েকটি ক্যারামেল ব্যানানা বাইটস সাজিয়ে পাশে বা উপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন। উপর থেকে কয়েকটি পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।
Recipe: একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে বানান রেলওয়ে চিকেন কারি, রইল সঞ্জীব কপূরের রেসিপি
কড়মড়ে ক্যারামেল, ভিতরের নরম মিষ্টি কলা আর ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম—তিনের মেলবন্ধনে পাকা নরম কলাও হয়ে উঠবে একেবারে রেস্তরাঁর মতো আকর্ষণীয় ডেজার্ট।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.