Aasha Singh Jaiswal Passes Away: প্রয়াত প্রবীণ অভিনেত্রী ও অনুকরণ শিল্পী আশা সিংহ জায়সবাল। ভারতের প্রথম মহিলা ‘মিমিক্রি আর্টিস্ট’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২২ অগস্ট সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
সমাজমাধ্যমে মায়ের মৃত্যুসংবাদ জানান তাঁর ছেলে আকাশ ভরদ্বাজ। মাকে ‘পরিশ্রমী লৌহমানবী’ হিসেবে স্মরণ করে তিনি সকলের কাছে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করার আবেদন জানান। তবে একইসঙ্গে আকাশ জানান, তাঁর মা মৃত্যুকে ঘিরে শোক প্রকাশের পরিবর্তে জীবনকে উদ্যাপন এবং জীবনের আনন্দ খুঁজে নেওয়াতেই বিশ্বাস করতেন।
২৩ অগস্ট সকাল ১০টা নাগাদ মুম্বইয়ের বিলে পার্লের পবনহংস শ্মশানে আশা সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রা সেখানে উপস্থিত ছিলেন।
আকাশ সমাজমাধ্যমে লেখেন, তাঁর মায়ের কাজই ছিল তাঁর জীবনের সবকিছু। তাই তাঁর মায়ের কীর্তিকে বাঁচিয়ে রাখতে পুরনো কাজগুলি দেখার এবং তাঁকে স্মরণ করার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, এভাবেই মায়ের প্রতি শ্রদ্ধা জানালে তাঁর আত্মা শান্তি পাবে।
ভারতের প্রথম মহিলা মিমিক্রি শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত ছিলেন আশা সিংহ। কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর কণ্ঠস্বর অনুকরণ করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে শুধু মিমিক্রিতেই সীমাবদ্ধ থাকেননি আশা। অভিনয় জগতেও নিজের ছাপ রেখেছিলেন। বিআর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের স্ত্রী কৃপীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে একাধিক প্রজেক্টে কাজ করার পাশাপাশি সমাজসেবার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আশা। অভিনয়ের বাইরেও তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা। ‘আশা ইভেন্টস অ্যান্ড ফিলম্স’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন তিনি।
জীবনের শেষ সময় পর্যন্ত নিজের কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আশা সিংহ। অভিনয়, মিমিক্রি, সমাজসেবা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড—বহুমুখী প্রতিভার মাধ্যমে বিনোদন জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে সেই দীর্ঘ কর্মময় জীবনেরই ইতি হল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.