সুপারস্টার দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’র মঞ্চে এবার দেখা যাবে বাংলার রাজনীতির একাধিক পরিচিত মুখকে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্র, কৌস্তভ বাগচি, নওশাদ সিদ্দিকি এবং মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই এই বিশেষ পর্বের একাধিক প্রোমো প্রকাশ্যে এসেছে। আর নতুন প্রোমোতে স্ত্রীকে ভিডিও কল করে মজার ছলে রীতিমতো মাতিয়ে দিলেন সজল ঘোষ।
‘দাদাগিরি’র সেট থেকেই স্ত্রীকে ফোন করেন সজল। ক্যুইজ শোয়ে জিতলে মিলবে ৫০ হাজার টাকা—এই পরিস্থিতিতেই স্ত্রীকে ঠাকুরঘরে গিয়ে প্রার্থনা করতে বলেন তিনি। মজার ছলে সজল বলেন, “ঠাকুর ঘর থেকে একদম বেরবে না। প্রার্থনা করো। তোমাকেও অর্ধেক টাকা দেব।” তাঁর এমন রসিকতায় হাসির রোল ওঠে সেটে। নেটপাড়াতেও ইতিমধ্যে নজর কেড়েছে সজলের এই মজার মুহূর্ত।
রাজনীতির ময়দানে সজল ঘোষকে সাধারণত রাশভারি মেজাজেই দেখা যায়। কিন্তু ‘দাদাগিরি’র মঞ্চে সেই পরিচিত ভাবমূর্তির বদলে তাঁকে একেবারে খোশমেজাজে দেখা যাচ্ছে। একইভাবে মদন মিত্রের রসিকতা, কুণাল ঘোষের টিপ্পনি এবং নওশাদ সিদ্দিকির যুক্তির লড়াই—সব মিলিয়ে বিশেষ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এই বিশেষ পর্বে দেবের প্রশ্নের মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের প্রতিপক্ষ একাধিক নেতা। ফলে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ মশকরা যেমন দেখা যাবে, তেমনই রাজনৈতিক রসিকতা বা টিপ্পনিও উঠে আসতে পারে বলে দর্শকদের প্রত্যাশা।
আগামী ৩০ আগস্ট সম্প্রচারিত হওয়ার কথা এই বহু প্রতীক্ষিত পর্বের। এখন দেখার, ‘দাদাগিরি’র মঞ্চে সজল, কুণাল ও মদন মিত্রদের সঙ্গে কৌস্তভ, নওশাদদের সমীকরণ ঠিক কেমন হয়। রাজনৈতিক বিরোধ ভুলে তাঁরা কি হাসি-ঠাট্টায় মেতে উঠবেন, নাকি দেবের প্রশ্নেই জমে উঠবে অন্য এক ‘দাদাগিরি’?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.