একটি চরিত্র কখনও কখনও অভিনেতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে সেই বদল সবসময় ইতিবাচক হয় না। কোনও কোনও ক্ষেত্রে একটি অসাধারণ চরিত্রই পরবর্তী সময়ে অভিনেতার কেরিয়ারে তৈরি করে দিতে পারে বড় বাধা। এমনই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা আমিন হাজি। আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক ছবি ‘লাগান’-এ ‘বাঘা’র চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু সেই চরিত্রের পরই নাকি তাঁর কেরিয়ারে নেমে এসেছিল কঠিন সময়।
২০০১ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘লাগান’। ছবিতে আমিন হাজি অভিনয় করেছিলেন মূক ঢোলবাদক বাঘার চরিত্রে। সংলাপ না থাকলেও তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু এই চরিত্রে অভিনয়ের পর একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে থাকেন আমিন। আর সেখান থেকেই শুরু হয় তাঁর কেরিয়ারের সমস্যা। অভিনেতার কথায়, ‘লাগান’-এ চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী শার্লট হুইটবি কোলস প্রায়শই তাঁর ওপর রেগে যেতেন। কারণ, ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার পর আমিন একের পর এক অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন। তবে এর পিছনে ছিল একটি নির্দিষ্ট কারণ।
আমিন জানিয়েছেন, ‘লাগান’-এর পর যে ধরনের চরিত্রের প্রস্তাব তিনি পাচ্ছিলেন, তার অধিকাংশই ছিল তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। কখনও আবার এমন চরিত্রের প্রস্তাব আসছিল, যেখানে তাঁর কোনও সংলাপই ছিল না। ফলে তিনি সেগুলি গ্রহণ করতে চাইছিলেন না। অভিনেতার স্ত্রী অবশ্য বিষয়টিকে অন্যভাবে দেখতেন। তাঁর মনে হয়েছিল, ‘লাগান’-এ আমিন যেহেতু একটি মূক চরিত্রে অভিনয় করেছেন, তাই পরবর্তী সময়ে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হচ্ছে না। শার্লটের মত ছিল, চরিত্র ছোট হলেও কিংবা খুব একটা পছন্দসই না হলেও আমিনের সেই কাজগুলি গ্রহণ করা উচিত ছিল। কিন্তু আমিন সেই পথে হাঁটেননি।

কেন এতটা অনড় ছিলেন অভিনেতা? আমিনের বক্তব্য, ‘লাগান’-এর চিত্রনাট্য ছিল একেবারেই অনন্য। জীবনে একবারই এমন চরিত্রে অভিনয়ের সুযোগ আসে বলেই তিনি মনে করেছিলেন। তাই সেই সময় পাওয়া অন্যান্য প্রস্তাবগুলিকে গুরুত্ব দেননি এবং একের পর এক কাজ ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে তারই মূল্য দিতে হয় তাঁকে। ‘লাগান’-এর মতো বড় ছবিতে অভিনয়ের পরও যখন নিয়মিত গুরুত্বপূর্ণ কাজ পাচ্ছিলেন না, তখন মানসিকভাবে এবং পেশাগতভাবে কঠিন সময়ের মধ্যে পড়ে যান অভিনেতা। আমিনের কথায়, ‘লাগান’-এর পর তাঁর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।
তবে ‘লাগান’-এর মতো ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়াকে যে কোনও অভিনেতার কাছেই বড় প্রাপ্তি হিসেবে দেখা হয়। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটিতে আমির খান, গ্রেসি সিং, র্যাচেল শেলি, পল ব্ল্যাকথর্ন-সহ একাধিক অভিনেতা অভিনয় করেছিলেন। ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে তৈরি ছবির গল্প আবর্তিত হয়েছিল চম্পানের কৃষক ভুবনকে ঘিরে। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া করের বিরুদ্ধে গ্রামবাসীদের বাঁচাতে ক্রিকেট ম্যাচের চ্যালেঞ্জ গ্রহণ করে সে। মুক্তির পর ‘লাগান’ সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পায়। আন্তর্জাতিক স্তরেও ছবিটি বিশেষ পরিচিতি অর্জন করে। শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হওয়া তৃতীয় ভারতীয় ছবি ছিল ‘লাগান’। পাশাপাশি নির্মল বিনোদন প্রদানকারী শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল ছবিটি।
আরও পড়ুন,
একাধিক ছবির ব্যর্থতার পর বড় চমক, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে মেগাবাজেট সিনেমা করণের
‘লাগান’-এর বাঘা চরিত্র আজও দর্শকের মনে স্মরণীয়। কিন্তু সেই চরিত্রই যে তাঁর বাস্তব জীবনে কেরিয়ারের এতটা কঠিন অধ্যায় তৈরি করবে, তা হয়তো আমিন হাজিও তখন ভাবেননি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.