Bigg Boss Bangla: বিগ বস বাংলায় ঢুকেই তুলকালাম রাজবীরের! ‘চাঙ্গি মুঙ্গি’ বলে কাদের কটাক্ষ করলেন রাজবীর?

‘বিগ বস বাংলা’-র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েই ঝড় তুলেছেন শিলিগুড়ির রাজবীর দে। দ্বিতীয় সপ্তাহের শুরুতেই তাঁর প্রবেশ যেন বদলে দিয়েছে গেমের সমীকরণ। ঝিলম, নন্দিনী থেকে মনামী—একাধিক প্রতিযোগীর সঙ্গেই ইতিমধ্যেই মনোমালিন্যে জড়িয়েছেন তিনি। মঙ্গলবার ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে উত্তেজনা আরও বাড়ল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ঘরের একাধিক সদস্যকে কার্যত রাজবীরের বিরুদ্ধে একজোট হতে দেখা যায়।

ঘটনার শুরু মনামীর বেছে রাখা সিঙ্গেল খাটকে কেন্দ্র করে। অভিযোগ, মনামী আগে থেকেই যে খাটটি বেছে রেখেছিলেন, সেটি নিজের দখলে নিয়ে নেন রাজবীর। খাট ছাড়তে রাজি না হয়ে তিনি উল্টে ঘরের অন্য সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আচমকাই সকলকে ‘কান ধরে সরি’ বলার নিদান দেন রাজবীর। তাঁর এই মন্তব্যে আরও চড়ে যায় বিতর্কের পারদ।

এরপরই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। ঘরের সদস্যদের ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে কটাক্ষ করেন রাজবীর। তাঁর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন এতদিন তুলনামূলকভাবে শান্ত থাকা সায়ক। রীতিমতো পঞ্জাবির হাতা গুটিয়ে রাজবীরের মন্তব্যের প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে। ফলে ক্যাপ্টেন্সি টাস্কের আবহেই দুই প্রতিযোগীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়।

শুধু সায়ক নন, রাজবীরকে ঘর থেকে একঘরে করার পরিকল্পনাও যে শুরু হয়েছে, তার ইঙ্গিত মিলেছে। ঝিলমকে সোহিনীকে রাজবীরের সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিতে দেখা যায়। ফলে নতুন এই ওয়াইল্ড কার্ড প্রতিযোগীর সঙ্গে বাকি সদস্যদের সংঘাত আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন,
Sabyasachi: ৭০-এ পা সব্যসাচী চক্রবর্তীর, বাবার উদ্দেশ্যে বিশেষ বার্তা গৌরবের

তবে ঘরের সদস্যদের একাংশ যেখানে রাজবীরের আচরণে বিরক্ত, সেখানে দর্শকদের একটা বড় অংশ কিন্তু তাঁর আগমনে বেশ খুশি। সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন, এতদিনের ‘ফ্যামিলি মার্কা’ আবহ কাটিয়ে রাজবীরই শো-তে প্রকৃত দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার উত্তাপ ফিরিয়ে এনেছেন। কেউ কেউ আবার দাবি করছেন, হিন্দি ‘বিগ বস’-এর মতো ঝগড়া, মতবিরোধ এবং জমজমাট বিনোদনের উপকরণও রাজবীরের হাত ধরেই বাড়ছে।

আরও পড়ুন,
Dev: লাদাখের পাহাড়ে ‘তোর শুধু তোর’, শ্যুটিংয়ের স্মৃতি ভাগ করে নিলেন দেব

উল্লেখ্য, বিনোদন জগতে পা রাখার আগে শিলিগুড়িতে পোশাকের ব্যবসা করতেন রাজবীর দে। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। এরপর ‘এমটিভি রোডিজ’ এবং ‘কসৌটি জিন্দেগি কি ২’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে ও ধারাবাহিকে কাজ করে পরিচিতি পান। বর্তমানে মুম্বইয়ে থাকলেও বাংলা টেলিভিশনে এটাই তাঁর প্রথম বড় প্রজেক্ট। আর সেই প্রথম সুযোগেই ‘বিগ বস বাংলা’-র ঘরে নিজের উপস্থিতি বেশ জোরালোভাবে জানান দিয়ে ফেলেছেন রাজবীর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক