অনির্বাণের জন্য ব্যাগে চকলেট-বিস্কুট! ‘একেনবাবু’ নিয়ে রাইমার মায়ের কাণ্ড

দীর্ঘ অপেক্ষার পর পুজোয় মুক্তি পেতে চলেছে রাইমা সেন অভিনীত নতুন ছবি ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রথমবার একেন্দ্র সেন ওরফে একেনবাবুর সঙ্গে একই ছবিতে দেখা যাবে রাইমাকে। ছবিতে তাঁর চরিত্রের নাম দীপা।

ছবিতে কাজের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রাইমা বলেন, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ফোন করলেও প্রথমে তিনি ফোনটি ধরতে পারেননি। পরে মেসেজে জানতে পারেন, ছবির বিষয়ে কথা বলতে চেয়েছেন পরিচালক। তবে ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে তখন বিশেষ কিছুই জানতেন না অভিনেত্রী। পরে সকলের কাছে জানতে পেরে বুঝতে পারেন, এটি অত্যন্ত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি।

ছবিতে কাজ করার আগে রাইমা তাঁর মাকে ‘একেনবাবু’র সিরিজ দেখিয়েছিলেন। আর তারপর থেকেই নাকি তাঁর মা নিজেই একেনবাবুর বড় ভক্ত হয়ে উঠেছেন। এমনকি অনির্বাণ চক্রবর্তীর জন্য রাইমার ব্যাগে চকলেট কিংবা বিস্কুটও পাঠিয়ে দেন তিনি। রাইমার মায়ের ইচ্ছা, একেনবাবুর স্ত্রী ‘খুকু’র চরিত্রে অভিনয় করার। প্রসঙ্গত, ছবিতে একেনবাবুর স্ত্রী খুকুকে সরাসরি দেখা যায় না, তাঁর উপস্থিতি মূলত ফোনের কথোপকথনের মাধ্যমে। অনেক বছর পর পুজোয় নিজের ছবি মুক্তি নিয়ে উচ্ছ্বসিত রাইমা। অভিনেত্রীর কথায়, পুজো তাঁর জন্য বরাবরই লাকি। বহু বছর পর এসভিএফ-এর সঙ্গে কাজ করার পাশাপাশি জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার কাজ করেছেন তিনি। ঋত্বিক চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গেও দীর্ঘ সময় পর কাজ করার সুযোগ হয়েছে। ফলে গোটা অভিজ্ঞতাটাই তাঁর কাছে অনেকটা রিইউনিয়নের মতো।

‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এর শুটিং হয়েছে কেরালার বিভিন্ন জায়গায়। মুন্নার ও কোচিতে প্রথমবার বাংলা ছবির শুটিংয়ের অভিজ্ঞতা হয়েছে রাইমার। এমনকি ভারতের ‘নায়াগ্রা’ নামে পরিচিত আথিরাপল্লি জলপ্রপাতেও শুটিং করেছেন অভিনেত্রী। সেখানে একদিন তাঁর কলটাইম ছিল ভোর সাড়ে তিনটে। পাঁচদিন কেরালায় থেকে প্রচুর দৃশ্যে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি দক্ষিণ ভারতীয় খাবার খাওয়ার পাশাপাশি কিছুটা ঘোরার সুযোগও পেয়েছেন।

অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রাইমা জানান, শটের আগে অনির্বাণ নিজের কাজ নিয়ে অত্যন্ত মনোযোগী থাকেন এবং চুপ হয়ে যান। অন্যদিকে রাইমা নিজে অনেক কথা বলতে ভালোবাসেন। তবে তাঁদের মধ্যে কোনও ঝগড়া হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

ছবিতে দীপার সঙ্গে একেনবাবুর প্রেমের সম্ভাবনা নিয়েও মজা করেছেন রাইমা। তাঁর কথায়, একেনবাবুর তো বিয়ে হয়ে গিয়েছে। যদিও হাসতে হাসতে অভিনেত্রী জানিয়েছেন, তিনি পরিচালককে জিজ্ঞেস করবেন, একেনবাবুর কোনও প্রেম হতে পারে কি না! এবারের পুজোয় একাধিক বড় বাংলা ছবির সঙ্গে মুক্তি পেতে চলেছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। আবির, দেব, যিশু সেনগুপ্ত-সহ একাধিক তারকার ছবিও রয়েছে মুক্তির তালিকায়। তবে রাইমার মতে, প্রতিটি ছবির ধরন আলাদা হওয়ায় প্রত্যেকটির নিজস্ব দর্শক রয়েছে। তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ, বহু বছর পর পুজোয় নিজের ছবি মুক্তি পাওয়া।

অভিনয়ের পাশাপাশি আগামী দিনে ওয়েব সিরিজেও দেখা যাবে রাইমাকে। হইচই-এর জন্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি হনসল মেহতার ‘ফ্যামিলি বিজনেস’ সিরিজও মুক্তির অপেক্ষায় রয়েছে। পুজোর পরিকল্পনা নিয়েও খোলামেলা রাইমা। মায়ের সঙ্গে সময় কাটানো, শপিং, বন্ধুদের সঙ্গে দেখা করা, খাওয়াদাওয়া এবং অবশ্যই ‘একেন’-এর প্রচার ও হল ভিজিট—সবই রয়েছে তাঁর তালিকায়। আর পুজোয় ডায়েট? রাইমার সাফ কথা, তিনি কোনওদিনই ডায়েট করেন না। তাই পুজো তাঁর কাছে আরও বেশি খাওয়াদাওয়ার অন্যতম বড় অজুহাত।

প্রেম ও বিয়ে নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। কলকাতায় আপাতত প্রেমের কোনও পরিকল্পনা নেই তাঁর। মজার ছলে জানিয়েছেন, এখনও পর্যন্ত পছন্দের কোনও ভালো ছেলে খুঁজে পাননি। এমনকি তাঁর মা-ও এখন আর বিয়ে নিয়ে কোনও চাপ দেন না। বরং জোর করে কিছু না করার পরামর্শই দেন। রাইমার নিজেরও আপাতত বিয়ে করার কোনও তাগিদ নেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক