Bigg Boss Bangla: রবিবার এভিকশন, চর্চায় সোহিনী ও নন্দিনী, কার ঘুচবে বিগ বসের সফর?

দেখতে দেখতে আরও একটি সপ্তাহের শেষ প্রান্তে ‘বিগ বস বাংলা’। আর রবিবার মানেই দর্শকদের অপেক্ষা—এবার কার হাতে উঠবে বিদায়ের ঘণ্টা? সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদার দরবার’-এ এদিনই সামনে আসবে চলতি সপ্তাহের এভিকশনের ফলাফল।

গত কয়েক দিনে বিগ বসের ঘরে একের পর এক ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। টাস্ক চলাকালীন সৃজলার চোট পাওয়া থেকে শুরু করে রাজবীর ও নন্দিনীর সম্পর্কের নয়া সমীকরণ, আবার সোনমণি ও নিরঞ্জনের বাগ্‌যুদ্ধ—সব মিলিয়ে সরগরম ছিল গোটা বাড়ি। এই পরিস্থিতিতে রবিবারের এভিকশন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। পর্বটি সম্প্রচারের আগেই চর্চায় উঠে এসেছে দুটি নাম—সোহিনী পাল এবং নন্দিনী।

নেটমহলের একাংশের দাবি, এ সপ্তাহে এভিকশনের সম্ভাব্য তালিকায় সবার আগে রয়েছেন তাপস পাল-কন্যা সোহিনী পাল। দর্শকদের একাংশের মতে, শোয়ের শুরু থেকেই তাঁকে তুলনামূলকভাবে নিষ্ক্রিয় দেখা গিয়েছে। এমনকী ক্যাপ্টেন হওয়ার সুযোগ পেলেও সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশেষভাবে নজর কাড়তে পারেননি তিনি—এমনই মত অনেকের।

অন্যদিকে, দ্বিতীয় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে নন্দিনীর নাম। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে টাস্কের সময় সৃজলা আহত হওয়ার ঘটনায় নন্দিনীর ভূমিকা নিয়ে দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন। সেই নেতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব ভোটে পড়তে পারে বলেও নেটপাড়ায় জল্পনা চলছে।

তবে শুধু সোহিনী বা নন্দিনীই নন, এভিকশন ঘিরে আলোচনায় রয়েছে দীপেন্দু, ঝিলম এবং নিরঞ্জনের নামও। ফলে শেষ মুহূর্তে সমীকরণ বদলে গেলে অবাক হওয়ার কিছু নেই। এরই মধ্যে শনিবার বিগ বসের ঘরে নতুন সদস্য হিসেবে প্রবেশ করতে চলেছেন মিস ওড়িশা অনুষ্কা ঘোষ। নতুন প্রতিযোগীর প্রবেশে ঘরের পুরনো সমীকরণে কী পরিবর্তন আসে, সেদিকেও নজর থাকবে দর্শকদের।

সব মিলিয়ে রবিবারের এভিকশন পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। সোহিনী, নন্দিনী নাকি অন্য কোনও প্রতিযোগী—কার বিগ বসের ঘরে যাত্রা থামবে, তার উত্তর মিলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’-এই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক