Annapurna Bhandar: পশ্চিমবঙ্গ সরকার নতুন করে ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের অধিকাংশকেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে।
তবে সরকার স্পষ্ট করেছে, সব লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক নতুন প্রকল্পে স্থান পাবেন না। কিছু নির্দিষ্ট শ্রেণির উপভোক্তাদের নাম স্থানান্তরের সময় বাদ যেতে পারে। সরকারি নির্দেশিকা অনুযায়ী মৃত ভোটার, অন্যত্র স্থানান্তরিত ভোটার, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি এবং SIR-২০২৬ প্রক্রিয়ার সময় অনুপস্থিত হিসেবে চিহ্নিত ভোটারদের নাম সরাসরি অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবে না।
এছাড়াও খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে যাঁদের নাম বাদ পড়বে কিংবা শুনানির পর যাঁরা ভোটার তালিকা থেকে বাদ যাবেন, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। ভোটার স্লিপ বিতরণের সময় মৃত বা স্থানান্তরিত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের নামও নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে না।
সরকার আরও জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত মামলায় যাঁদের আবেদন SIR ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁরা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারবেন। একইসঙ্গে ভবিষ্যতেও মৃত বা অন্যত্র চলে যাওয়া উপভোক্তাদের নাম নিয়মিতভাবে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
নতুন আবেদনকারীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন ২০২৬ থেকে অনলাইন পোর্টাল চালু করবে রাজ্য সরকার। ওই পোর্টালের মাধ্যমে নতুন করে আবেদন জানানো যাবে অন্নপূর্ণা যোজনার জন্য।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিটি আবেদন খতিয়ে দেখা হবে। গ্রামীণ এলাকায় ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এবং শহরাঞ্চলে মহকুমা শাসক (SDO) যোগ্য আবেদনকারীদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে পাঠাবেন। কলকাতা এলাকায় এই দায়িত্ব পালন করবে পুরসভা কর্তৃপক্ষ। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনুমোদিত আবেদনকারীদের তথ্য অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে আপলোড করা হবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.