DeSu: অবশেষে প্রকাশ্যে এলো দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’ মুক্তির তারিখ। আরও একটি পোস্টার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেব (Dev) ও শুভশ্রীকে (Subhasree) অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। একইসাথে জানানো হয়েছে এই সিনেমা কোন তারিখে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
দীর্ঘ অপেক্ষার পর ফের বড়োপর্দায় একসঙ্গে দেখা যাবে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। তাদের আসন্ন সিনেমা ‘দেশু ৭’এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা। পোস্টারে দেব ও শুভশ্রীকে দেখা যাচ্ছে একটি বাইকের পাশে ঘনিষ্ঠ মুহূর্তে।
রোম্যান্সের আবহের পাশাপাশি ছবির ভিজ্যুয়ালে রয়েছে অ্যাকশনের ইঙ্গিতও। কারণ, ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা..রোমান্স, অ্যাকশন এবং প্রচুর অ্যাড্রেনালিনের সম্পূর্ণ নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হন।’ যা দেখার পর তুমুল উত্তেজিত ভক্তরা।
কারণ, ‘দেশু ৭’ শুধু দেব-শুভশ্রীর জুটির প্রত্যাবর্তনের জন্যই বিশেষ নয়, এই সিনেমার হাত ধরে প্রথমবার পরিচালকের আসনে বসছেন দেব। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। আর দেব-শুভশ্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
উল্লেখ্য, ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘খোকাবাবু’-র মতো সিনেমায় দেব-শুভশ্রীর জুটি দর্শকদের মন জয় করেছিল। তাই দীর্ঘ সময় পর তাদের নতুন করে একসঙ্গে দেখার খবর স্বাভাবিকভাবেই তৈরি করেছে নস্টালজিয়া। ছবির পোস্টারেও সেই পুরনো রোম্যান্টিক আবহের সঙ্গে নতুন ধরনের অ্যাকশন-ড্রামার মিশেল লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের ১৬ই অক্টোবর সিনেমা মুক্তির দিন ধার্য হয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.