বর্ষীয়ান অভিনেতা দলীপ তাহিলকে ঘিরে ফের চর্চায় উঠে এসেছে পুরনো এক বিতর্ক। বর্তমানে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স ২’-এ তাঁর কিছু মন্তব্য নিয়ে মহিলা প্রতিযোগীদের অস্বস্তির খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার অতীতের একটি ঘটনা। সেই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী জয়া প্রদার।
‘দ্য ট্রেটর্স ২’-এর একটি পর্বে মলয়ালি প্রতিযোগী রিদা থারানাকে দলীপ তাহিল বলেন, তিনি রেগে গেলে তাঁকে নাকি আরও সুন্দর দেখতে লাগে। অভিনেতার এই মন্তব্য নিয়ে দর্শকদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। একই পর্বে শালিনী পাসি এবং ক্রিস্টল ডি’সুজ়াকেও দলীপের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
এরই মধ্যে সমাজমাধ্যমে এবং বিভিন্ন প্রতিবেদনে ফের সামনে এসেছে দলীপ তাহিল ও জয়া প্রদাকে ঘিরে বহু পুরনো একটি খবর। একসময় দাবি করা হয়েছিল, ‘আখরি রাস্তা’ ছবির শুটিংয়ে একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করার সময় দলীপ নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আর সেই কারণেই জয়া প্রদা তাঁকে চড় মেরেছিলেন।
আরও পড়ুন,
গাড়ি দুর্ঘটনার কবলে সুদীপা-অগ্নিদেবের পুত্র আকাশ, বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা
তবে এই ঘটনার সত্যতা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। কারণ, দলীপ তাহিল নিজেই পরবর্তীতে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। দলীপের বক্তব্য অনুযায়ী, ওই ধরনের কোনও ঘটনা তাঁর সঙ্গে জয়া প্রদার ঘটেনি। বরং অভিনেতার দাবি, জয়া প্রদার সঙ্গে তিনি কখনও একই ছবিতে অভিনয়ই করেননি। এমনকি কোনও দৃশ্যেও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি।
এক সাক্ষাৎকারে এই বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলীপ জানিয়েছিলেন, এমন খবর পড়ে তিনি নিজেই যথেষ্ট অবাক হয়েছিলেন। জয়া প্রদাকে তিনি অত্যন্ত সম্মান করেন এবং তাঁকে বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলেও মনে করেন। কিন্তু খবরটি পড়ার পর তাঁর মনে প্রশ্ন জেগেছিল—ঘটনাটি কোন ছবির শুটিংয়ে ঘটেছে? অভিনেতার কথায়, কেউ যদি তাঁকে সেই ছবির নাম দেখিয়ে দেন, তা হলে তিনি বিষয়টি বুঝতে পারবেন। কারণ তাঁর যত দূর মনে পড়ে, জয়া প্রদার সঙ্গে তাঁর কখনও কোনও দৃশ্য ছিল না। এমনকি একই ছবিতেও তাঁরা কাজ করেননি।
আরও পড়ুন,
ধূমপানেই শরীর চাঙ্গা! নাক দিয়ে ধোঁয়া টেনে শেনাজ়ের ‘সুখটান’, কী এই আয়ুর্বেদিক পদ্ধতি?
দলীপ আরও দাবি করেছিলেন, শুটিংয়ের জায়গায় সবসময় একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখার পক্ষপাতী তিনি। এই ধরনের বিষয় নিয়ে তিনি বরাবরই কঠোর। তাই জয়া প্রদাকে নিয়ে ছড়িয়ে পড়া ওই ঘটনার সঙ্গে তাঁর বাস্তব অভিজ্ঞতার কোনও মিল নেই বলেই স্পষ্ট করেছিলেন অভিনেতা।
তাঁর জয়া প্রদার সঙ্গে কাজ করার ইচ্ছা অবশ্য ছিল। কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। ফলে ‘আখরি রাস্তা’-র শুটিংয়ে জয়া প্রদার হাতে দলীপ তাহিলের চড় খাওয়ার যে গল্প একসময় ছড়িয়েছিল, অভিনেতার নিজের বক্তব্য অনুযায়ী সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.