অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা আবারও রাজনৈতিক মন্তব্য ঘিরে শিরোনামে। দীর্ঘদিন ধরেই তিনি বামপন্থী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে বামেদের সমর্থনে সক্রিয় প্রচারেও দেখা গেছে তাঁকে।
ভোটের ফল ঘোষণার ঠিক আগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। সেখানে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে আচমকাই বলে ফেলেন—“লাল জিতবে।” তবে মুহূর্তের মধ্যেই নিজের মন্তব্য সংশোধন করেন মানসী। কিছুটা অপ্রস্তুত হয়ে তিনি স্পষ্ট করেন, তাঁর ব্যক্তিগত মত অনুযায়ী সিপিএম এবার সরকার গঠন করতে পারবে না, কিন্তু তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে পারে।
মানসীর বক্তব্যে উঠে আসে বাম শিবিরের ‘ঘুরে দাঁড়ানোর’ আশা। গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকার পর এবার তারা কিছুটা হলেও শক্তি ফিরে পেতে পারে বলে তাঁর বিশ্বাস। যদিও তিনি স্বীকার করেছেন, মূল লড়াইটি শাসক ঘাসফুল শিবির ও বিরোধী পদ্ম শিবিরের মধ্যেই সীমাবদ্ধ।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে বাম সমর্থকদের আত্মবিশ্বাস হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি আবেগপ্রসূত মন্তব্য। ভোটের ফল ঘোষণার আগে এমন মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এখন নজর ৪ মে-র ফলাফলের দিকে। মানসী সিনহার পূর্বাভাস কতটা বাস্তবের সঙ্গে মেলে, সেটাই দেখার অপেক্ষা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.