গরমের শেষ ভাগ মানেই বাজারে ধীরে ধীরে কমতে শুরু করে কাঁচা আমের আনাগোনা। সারা মরসুম জুড়ে টক ডাল, আচার, চাটনি কিংবা মাছের টকে যে ফলটি রান্নাঘরে আলাদা জায়গা করে নেয়, বিদায়ের আগে তাকে দিয়েই তৈরি করা যেতে পারে অন্য স্বাদের এক সহজ পদ। অল্প উপকরণে বানানো কাঁচা আমের ডাল ফ্রাই রোজকার খাবারে এনে দিতে পারে নতুনত্ব।
এই পদে ব্যবহার করা হয় অড়হর ডাল এবং টক কাঁচা আম। প্রথমে ডাল ভালো করে ধুয়ে কিছু ক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়। এরপর প্রেসার কুকারে ডালের সঙ্গে হলুদ, নুন, কাঁচা আমের টুকরো এবং পরিমাণমতো জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়। আমের আঁটি-সহ টুকরো ব্যবহার করলে ডালের মধ্যে টকের স্বাদ আরও ভালোভাবে মিশে যায়।
ডাল নরম হয়ে গেলে আলাদা করে তৈরি করতে হয় ফোড়ন। ঘিতে জিরে, শুকনো লঙ্কা এবং সামান্য হিং ফোড়ন দিয়ে সেই সুগন্ধি মিশ্রণ ডালের মধ্যে ঢেলে দিলেই স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। কেউ পাতলা ডাল পছন্দ করলে একটু বেশি জল রাখতে পারেন, আবার অনেকে হালকা মাখামাখা ঘনত্বেও পরিবেশন করতে ভালোবাসেন।

ধোঁয়া ওঠা গরম ভাত, সঙ্গে আলুভাজা বা পছন্দের কোনও ভাজা— এই কাঁচা আমের ডাল ফ্রাইয়ের সঙ্গে সাধারণ দুপুরের খাবারও হয়ে উঠতে পারে জমজমাট। মরসুম শেষ হওয়ার আগে কাঁচা আম দিয়ে এমন সহজ অথচ সুস্বাদু পদ এক বার বানিয়ে দেখতেই পারেন।