দক্ষিণ পূর্ব রেলের তরফে দীর্ঘমেয়াদি ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ও আংশিকভাবে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী কয়েক মাস যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে চক্রধরপুর ডিভিশনের কাংসভাল ও ধারুহাডিহি স্টেশনের মধ্যবর্তী অংশে আপ ও ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ও শুক্রবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ব্লক নেওয়া হবে। এই সময়ের মধ্যেই ট্র্যাক সংস্কার এবং নিরাপত্তাজনিত বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে। এর জেরে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনকে আংশিক রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে ১৭০০৫ হায়দ্রাবাদ-রক্সৌল এক্সপ্রেস। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট একাধিক দিনে এই ট্রেন চলবে না। একইভাবে ১৭০০৬ রক্সৌল-হায়দ্রাবাদ এক্সপ্রেসও নির্দিষ্ট দিনগুলিতে বাতিল রাখা হয়েছে।

এছাড়া ১৩২৮৮ আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস এবং ১৩২৮৭ দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেসের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। এই ট্রেন দুটি কিছু সময়ের জন্য রৌরকেল্লা স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই যাত্রা শুরু করবে। ফলে রৌরকেল্লা ও দুর্গের মধ্যবর্তী অংশে সাময়িকভাবে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

রেল সূত্রের দাবি, যাত্রী নিরাপত্তা এবং ট্র্যাকের মানোন্নয়নের জন্য এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তবে দীর্ঘ সময় ধরে ট্রেন বাতিল থাকায় সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেককেই বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.