মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে এবারের মাধ্যমিকের ফল প্রকাশের পর সামনে এসেছে এক বিরল ও চমকপ্রদ ঘটনা। একই স্কুলে পড়াশোনা করা যমজ ভাইবোন কৌশিক বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস মাধ্যমিক পরীক্ষায় হুবহু একই নম্বর পেয়ে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দু’জনেই ৬১১ নম্বর অর্জন করে নজির গড়েছে।
চাচন্ড বি জে হাইস্কুলের ছাত্র কৌশিক ও ছাত্রী সুপ্রিয়া ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে। একই ক্লাসে পড়ার সুবাদে তাদের মধ্যে বরাবরই সুস্থ প্রতিযোগিতা ছিল। কখনও কৌশিক কয়েক নম্বর এগিয়ে থাকত, আবার কখনও সুপ্রিয়া ভালো ফল করত। তবে নম্বরের ব্যবধান খুব বেশি হতো না। কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষায় সেই সামান্য ব্যবধানও মুছে গিয়েছে।
ফল প্রকাশের দিন মার্কশিট হাতে নিয়ে প্রথমে অবাক হয়ে যায় দুই ভাইবোনই। পরে পরিবারের সদস্য ও শিক্ষকরাও বিস্মিত হন। কারণ, যমজ হলেও পরীক্ষায় একেবারে একই নম্বর পাওয়া অত্যন্ত বিরল ঘটনা বলেই মনে করছেন অনেকেই।
কৌশিক ও সুপ্রিয়া জানিয়েছে, তারা কখনও ভাবেনি মাধ্যমিকে এমন মিল হতে পারে। পড়াশোনায় দু’জনেই পরস্পরকে সাহায্য করত এবং ভালো ফল করার জন্য একে অপরকে উৎসাহ দিত। তাদের মতে, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের সমর্থনই এই সাফল্যের মূল চাবিকাঠি।

স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, এই ঘটনা স্কুলের ইতিহাসে প্রথম। দুই পড়ুয়ার এমন সাফল্যে গোটা স্কুল গর্বিত। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলেই আশাবাদী শিক্ষকরা।

ফল প্রকাশের পর থেকেই বিশ্বাস পরিবারে খুশির পরিবেশ। দুই সন্তানের এই সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েন মা পিঙ্কি বিশ্বাস। তিনি জানান, ছেলে-মেয়ে দু’জনেই ভালো ফল করেছে, সেটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। কিন্তু একই নম্বর পাওয়ার ঘটনা পরিবারের কাছেও ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
এই ঘটনার পর গোটা এলাকায় এখন কৌশিক ও সুপ্রিয়াকে নিয়েই আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দুই ভাইবোনের এই সাফল্য শুধু পরিবার বা স্কুল নয়, গোটা গ্রামের জন্যই গর্বের বিষয়। ভবিষ্যতেও তারা একসঙ্গে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে বলেই আশা সকলের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.