Swastika: কাশ্মীরের মনোমুগ্ধকর সৌন্দর্য্য দেখে এতটাই আপ্লুত অভিনেত্রী স্বস্তিকা, যে সেখান থেকে তিনি ফিরতেই চাইছেন না। সম্প্রতি একাধিক ছবি পোস্ট করে মনের এই ইচ্ছের কথা জানিয়েছেন ক্যাপশনে। সময় বা সুযোগ পেলেই অভিনেত্রী বেরিয়ে পড়েন এদিক-ওদিক। দেশের পাশাপাশি বিদেশেও বেড়িয়ে আসেন টুক করে।
সম্প্রতি তিনি পাড়ি দিয়েছেন ভূস্বর্গ কাশ্মীরে। যেখানে ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও ভীড় জমান পর্যটকের দল। সেই তালিকাতেই নাম লিখিয়েছেন স্বস্তিকা। বরফাচ্ছাদিত কাশ্মীরে গিয়ে সেখানকার পরিবেশে মিশে গিয়েছেন তিনি। তাইতো আর চাইছেন না সেখান থেকে ফিরতে।
এদিন তাকে কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের মতোন সাজে দেখা গিয়েছে। গলার মালা থেকে মাথা টুপি কাশ্মীরের জনপ্রিয় জিনিসের মধ্যে অন্যতম। সেই সাজে তিনি ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমি হয়তো এখানেই থাকতে শুরু করবো, ওদের মধ্যে মিশে যেতে এবং তাদের একজন হয়ে উঠতে সহজ হবে। সাজটা ঠিক বানিয়েছি, কী বলো?’
পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন তাকে কাশ্মীরিদের থেকে আলাদা করা যাচ্ছে না। কারণ, তার দুধে-আলতা গায়ের রং কাশ্মীরের বাসিন্দাদের সাথে অনেকটাই মিশে যায়। তাই তিনি যদি সেখানে থাকতে শুরু করেন কোনো অসুবিধা নেই।
উল্লেখ্য, কিছুদিন আগে তিনি একটা ছবি পোস্ট করে লিখেছিলেন পাহাড়ে ঘুরে ঘুরে তার দুধে-আলতা গায়ের রং ঝলসে যাচ্ছে। তবে এই বিষয়টিকে কিন্তু উপভোগও করছেন তিনি। অভিনেত্রী মনে করেন প্রকৃতির মাঝে ঘুরতে গিয়ে যদি কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাতে কোনো সমস্যা নেই।

Sudeshna has been writing entertainment reports since 2021.