ফ্লোরিডার একটি ঐতিহাসিক গ্রামে খননকার্য চালাতে গিয়ে প্রায় ৪০০ বছরের পুরনো একটি ছোট মাটির পাত্রের সন্ধান পেয়েছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ চার শতাব্দী মাটির নিচে চাপা পড়ে থাকার পরও পাত্রটি প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। আর সেই কারণেই আবিষ্কারটি ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য।
আকারে ছোট পাত্রটি সহজেই হাতের তালুতে ধরে রাখা যায়। প্রত্নতাত্ত্বিকদের প্রাথমিক ধারণা, এটি ওই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের তৈরি মৃৎপাত্র। আনুমানিক ৪০০ বছর আগে পাত্রটি তৈরি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
তবে সবচেয়ে বেশি ভাবাচ্ছে পাত্রটির অক্ষত অবস্থা। সাধারণত দৈনন্দিন ব্যবহারের মাটির কোনও পাত্র ভেঙে গেলে কিংবা ব্যবহারের অযোগ্য হয়ে পড়লেই সেটি ফেলে দেওয়া হত। কিন্তু এই পাত্রটির গায়ে বড় কোনও ভাঙনের চিহ্ন নেই। ফলে প্রশ্ন উঠছে, ব্যবহারযোগ্য একটি পাত্র কেন মাটির নিচে একটি গর্তের মধ্যে রেখে দেওয়া হয়েছিল?
এই রহস্যের উত্তর খুঁজতে পাত্রটির অবস্থান, আশপাশের মাটি এবং একই স্তর থেকে উদ্ধার হওয়া অন্যান্য প্রত্নবস্তু খতিয়ে দেখছেন গবেষকেরা। তাঁদের ধারণা, পাত্রটি নিছক ফেলে দেওয়া হয়নি; এর সঙ্গে কোনও বিশেষ সামাজিক বা সাংস্কৃতিক রীতির সম্পর্ক থাকতে পারে।
গবেষকদের আরও একটি সম্ভাবনা, কোনও বিশেষ স্মৃতি সংরক্ষণ, ধর্মীয় বা সামাজিক প্রথার অংশ হিসেবেও পাত্রটি মাটির নিচে রাখা হয়ে থাকতে পারে। আবার ওই অঞ্চলে স্পেনীয়দের আগমন ও সংস্পর্শের সময় স্থানীয় মানুষের জীবনযাত্রার পরিবর্তন, স্থানান্তর কিংবা বসতি ছেড়ে যাওয়ার ঘটনার সঙ্গেও এর যোগ থাকতে পারে।
ছোট্ট এই মাটির পাত্র তাই শুধুমাত্র একটি প্রত্নবস্তু নয়। চার শতাব্দী ধরে নীরবে মাটির নিচে থাকা পাত্রটি এখন গবেষকদের সামনে তুলে ধরেছে অতীতের মানুষের একটি অজানা সিদ্ধান্তের সম্ভাব্য সূত্র। সেই সিদ্ধান্তের আসল কারণ জানতে আরও গবেষণার দিকেই তাকিয়ে প্রত্নতাত্ত্বিক মহল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.