Recipe: দইমাছ অনেক হল, বিশেষ দিনে পোলাওয়ের সঙ্গে জমিয়ে খান স্মোকি ঘি কাতলা

Recipe: বাঙালির হেঁশেলে রুই-কাতলা অত্যন্ত পরিচিত মাছ। বাজারে প্রায় সব সময়ই এই মাছের দেখা মেলে। তবে একই ধরনের ঝোল, কালিয়া বা দই-কাতলা খেতে খেতে স্বাদে একঘেয়েমি আসতেই পারে। তাই বিশেষ দিনের ভোজে এ বার একটু অন্যরকম পদ তৈরি করতে পারেন—স্মোকি ঘি কাতলা।
ঘি, টকদই ও সুগন্ধি ভাজা মশলার সঙ্গে রান্না করা কাতলায় শেষে যোগ হবে গরম কয়লার ধোঁয়ার বিশেষ সুবাস। পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জমে যাবে মধ্যাহ্নভোজ বা রাতের খাবার।

স্মোকি ঘি কাতলা তৈরির উপকরণ
কাতলা মাছের ৫টি পেটি
হলুদগুঁড়ো ১ টেবিলচামচ
লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ
ফেটানো টকদই আধ কাপ
আদা-রসুনবাটা ১ টেবিলচামচ
চেরা কাঁচালঙ্কা ৪-৫টি
ছোলার ডাল ১ টেবিলচামচ
গোটা জিরে ১ চা-চামচ
মৌরি ১ চা-চামচ
শুকনো লঙ্কা ৩টি
মেথি আধ চা-চামচ
পরিমাণমতো সর্ষের তেল
স্বাদমতো নুন
সামান্য চিনি
ঘি ৩ টেবিলচামচ
কয়লার ১ টুকরো

কী ভাবে বানাবেন?
প্রথমে ছোলার ডাল, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং মেথি শুকনো তাওয়ায় ভালো করে সেঁকে নিন। মশলাগুলি ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে মিহি গুঁড়ো করে রাখুন।
এর পরে মাছের সঙ্গে নুন, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ফেটানো টকদই, আদা-রসুনবাটা, চেরা কাঁচালঙ্কা এবং তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে নিন। সঙ্গে সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলি ভালো করে মাখিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন।
এ বার একটি ননস্টিক পাত্রে ঘি গরম করুন। মশলা মাখানো মাছগুলি সাবধানে পাত্রে দিয়ে রান্না করুন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে অল্প গরম জল এবং সামান্য চিনি মিশিয়ে দিন। ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না হতে দিন।
ঝোল বেশ খানিকটা শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।

আসল চমক স্মোকি ফ্লেভারে
এ বার কয়লার টুকরোটি চিমটে দিয়ে ধরে গ্যাসের আঁচে ভালো করে গরম করে নিন। রান্না করা মাছের পাত্রের মাঝখানে একটি ছোট কাচের বাটি রাখুন। তার মধ্যে গরম কয়লাটি রেখে কয়লার উপর সামান্য ঘি ঢেলে দিন।
সঙ্গে সঙ্গে পাত্রের ঢাকনা শক্ত করে বন্ধ করে দিন, যাতে কয়লার ধোঁয়ার সুগন্ধ মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। প্রায় ১০ মিনিট এ ভাবেই রেখে দিন।

Recipe: রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি

তার পরে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু স্মোকি ঘি কাতলা। সাদা ভাতের পাশাপাশি বাসন্তী পোলাও বা যে কোনও সুগন্ধি পোলাওয়ের সঙ্গে এই পদ হয়ে উঠতে পারে বিশেষ দিনের ভোজের অন্যতম আকর্ষণ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক