‘বিগ বস বাংলা’-কে ঘিরে বিতর্ক ও চর্চা যেন কিছুতেই থামছে না। একদিকে বিগ বসের ঘরের অন্দরের ঝামেলা, অন্যদিকে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নানা মন্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে আলোচনা। এবার সৌরভের নিজেকে ‘দাদা’ বলে সম্বোধন করার ধরন নিয়ে মজার ছলে খোঁচা দিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র একটি পর্বে বিশেষ অতিথির সঙ্গে কথোপকথনের সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘বুম্বাদা’ বলে সম্বোধন করেন সৌরভ। কথার প্রসঙ্গে নিজের নামের সঙ্গেও ‘দাদা’ শব্দটি ব্যবহার করতে দেখা যায় তাঁকে। সৌরভের এই কথার ধরনই নজরে পড়ে ঋত্বিকের।
এর পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘একটা প্রাসঙ্গিক অবান্তর প্রশ্ন—আচ্ছা যদি কেউ নিজেকেই দাদা বলে ডাকে, সে কি নিজেকে ভাইফোঁটাও দেয়?’ ঋত্বিকের এই রসিক মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। অভিনেতার পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে অনেকেই ঋত্বিকের রসবোধের প্রশংসা করেছেন। কেউ আবার সৌরভের নিজস্ব কথার ধরনকে সমর্থন করে জানিয়েছেন, এতে বিশেষ কিছু দেখার নেই। আবার কেউ কেউ ঋত্বিকের পোস্টের সূত্র ধরে আরও নানা মজার মন্তব্য করেছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘যে নিজেকে দাদা বলে, সে কি তার স্ত্রীকে বৌদি বলে?’ আবার আর এক জনের মন্তব্য, ‘আমি একজনকে চিনি, যিনি নিজেই নিজেকে দিদি দিদি করতেন। উনি তাঁর থেকেই অনুপ্রাণিত মনে হয়।’ ফলে ঋত্বিকের একটি ছোট্ট পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিস্তর হাসি-মশকরা।
প্রসঙ্গত, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও অনেক সময় সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন করতে শোনা যায়। সেই বিষয়টিও নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে।

তবে শুধু সৌরভ-ঋত্বিকের এই রসিকতাই নয়, ‘বিগ বস বাংলা’-র ঘরেও চলছে টানটান উত্তেজনা। চলতি সপ্তাহে ভরত কল, নিরঞ্জন, নন্দিনী-সহ বেশ কয়েকজন প্রতিযোগীর মাথার উপর এলিমিনেশনের খাঁড়া ঝুলছিল। শেষ পর্যন্ত অবশ্য এই সপ্তাহে কাউকেই ঘর থেকে বিদায় নিতে হয়নি। ফলে আগামী সপ্তাহে প্রতিযোগীদের ভাগ্যে কী রয়েছে, এখন সেদিকেই নজর দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.