Recipe: শীতের সন্ধ্যায় চেখে দেখুন অন্য রাজ্যের ৪ জনপ্রিয় মিষ্টি! রইল সহজ রেসিপি

Recipe:শীতকাল মানেই বাঙালির ঘরে পিঠেপুলি, পায়েস, পাটিসাপটা আর জয়নগরের মোয়ার উৎসব। তবে প্রতি বছর একই ধরনের মিষ্টি খেতে খেতে অনেকেরই স্বাদ বদলানোর ইচ্ছা হয়। তাই এবারের শীতে চেনা মিষ্টির বাইরে বেরিয়ে চেখে দেখতে পারেন ভারতের বিভিন্ন প্রান্তের চারটি জনপ্রিয় শীতকালীন মিষ্টি। মহারাষ্ট্রের তিল-গুড়ের লাড্ডু থেকে শুরু করে পাঞ্জাবের পিন্নি, গুজরাটের আদাদিয়া পাক এবং হায়দরাবাদের ডাবল কা মিঠা—প্রতিটি পদই স্বাদে ও বৈশিষ্ট্যে একে অপরের থেকে আলাদা। সবচেয়ে ভালো বিষয় হল, খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এই চার মিষ্টি।

১. তিল-গুড়ের লাড্ডু
মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় শীতকালীন মিষ্টি হল তিল-গুড়ের লাড্ডু। তিল ও গুড়ের মিশ্রণে তৈরি এই মিষ্টি যেমন খেতে সুস্বাদু, তেমনই শীতের মরশুমে বেশ পরিচিত একটি খাবার। সামান্য চিনাবাদাম ও এলাচের গন্ধ এর স্বাদ আরও বাড়িয়ে দেয়।

উপকরণ:
সাদা তিল – ১ কাপ
গুড় – ১/২ কাপ
ঘি – ১ চা চামচ
ভাজা চিনাবাদাম – ২ টেবিল চামচ
এলাচ গুঁড়ো – সামান্য

প্রণালী: প্রথমে একটি কড়াইতে সাদা তিল শুকনো খোলায় হালকা ভেজে তুলে রাখুন। এরপর চিনাবাদাম ভেজে খোসা ছাড়িয়ে হালকা ভেঙে নিন। এবার কড়াইতে ঘি গরম করে গুড় ও সামান্য জল দিয়ে কম আঁচে ফুটতে দিন। গুড়ের মিশ্রণ ঘন হয়ে পাক ধরলে গ্যাস বন্ধ করে দিন। এরপর তার মধ্যে ভাজা তিল, চিনাবাদাম ও এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থায় হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট গোল লাড্ডু তৈরি করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু তিল-গুড়ের লাড্ডু।

২. পাঞ্জাবের জনপ্রিয় পিন্নি
শীতের মরশুমে পাঞ্জাবের ঘরে ঘরে তৈরি হয় পিন্নি। আটা, ঘি, গুড় বা চিনির সঙ্গে বিভিন্ন ধরনের বাদাম ও ভোজ্য গঁদ মিশিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। পুষ্টিকর উপকরণে ভরপুর পিন্নি শীতের দিনে খাওয়ার জন্য বেশ জনপ্রিয়।

উপকরণ:
গমের আটা বা বেসন – ১ কাপ
ঘি – ১/২ কাপ
গুড় বা চিনি – ১/২ কাপ
কাঠবাদাম ও কাজু কুচি – ৩ টেবিল চামচ
তরমুজের বীজ – ১ টেবিল চামচ
ভোজ্য গঁদ – ১ টেবিল চামচ
এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ
আদা গুঁড়ো – ১ চা চামচ

প্রণালী:প্রথমে কড়াইতে ঘি গরম করে ভোজ্য গঁদ ভেজে তুলে গুঁড়ো করে নিন। এরপর বাদাম ও অন্যান্য ড্রাই ফ্রুটস হালকা ভেজে রাখুন। একই কড়াইতে ঘি দিয়ে আটা ঢেলে কম আঁচে ১৫-২০ মিনিট ভালোভাবে ভাজুন। আটা সোনালি রং ধারণ করলে এবং সুন্দর গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে দিন। এবার এর মধ্যে ভাজা গঁদ, ড্রাই ফ্রুটস, এলাচ গুঁড়ো ও আদা গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে গুড় বা গুঁড়ো চিনি দিয়ে ভালোভাবে মাখুন। এরপর গোল লাড্ডুর আকারে তৈরি করলেই তৈরি হয়ে যাবে পাঞ্জাবের ঐতিহ্যবাহী পিন্নি।

৩. গুজরাটের ঐতিহ্যবাহী আদাদিয়া পাক
গুজরাটের শীতকালীন খাবারের তালিকায় বিশেষ জায়গা রয়েছে আদাদিয়া প্যাকের। ডালের গুঁড়ো, ঘি, গুড় এবং নানা ধরনের সুগন্ধি মশলা দিয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী মিষ্টি। জায়ফল, জয়িত্রী ও দারচিনির ব্যবহার এর স্বাদে নিয়ে আসে এক অন্য মাত্রা।

উপকরণ:
বিউলির ডাল (ভাঙা) – ১ কাপ
ঘি – ১/২ কাপ
গুড় – ১/২ কাপ
জায়ফল, জয়িত্রী ও দারচিনি গুঁড়ো – ১ টেবিল চামচ
আদাদিয়া মশলা – প্রয়োজনমতো
পেস্তা কুচি – প্রয়োজনমতো
দুধ – প্রয়োজনমতো

প্রণালী:প্রথমে বিউলির ডালের গুঁড়োর সঙ্গে গরম ঘি ও ৩ টেবিল চামচ দুধ মিশিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন। এরপর কড়াইতে ঘি গরম করে ভোজ্য গঁদ ও ড্রাই ফ্রুটস ভেজে গুঁড়ো করে নিন। একই ঘি-তে ডালের মিশ্রণ কম আঁচে ১৫-২০ মিনিট ভাজুন। ডাল ভালোভাবে ভাজা হলে প্রয়োজনমতো খোয়া ক্ষীর, আদাদিয়া মশলা, জায়ফল, জয়িত্রী ও দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এরপর ভাজা গঁদ ও ড্রাই ফ্রুটস যোগ করুন। সবশেষে গ্যাস বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে গুড় মিশিয়ে নিন। এবার পছন্দমতো বরফির আকারে কেটে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

৪. হায়দরাবাদের বিখ্যাত ডাবল কা মিঠা
শুধু উত্তর বা পশ্চিম ভারত নয়, দক্ষিণ ভারতের মিষ্টিও শীতের সন্ধ্যায় মন ভালো করে দিতে পারে। তেলেঙ্গানা ও হায়দরাবাদের জনপ্রিয় মিষ্টি ডাবল কা মিঠা তেমনই একটি পদ। পাউরুটি, ঘন দুধ, চিনির সিরা ও ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই মিষ্টি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু।

উপকরণ:
পাউরুটি – ৬ পিস
ঘি – ভাজার জন্য
দুধ – ২ কাপ
চিনি – ১/২ কাপ
জাফরান – সামান্য
এলাচ গুঁড়ো – সামান্য
কাজু ও কিশমিশ – প্রয়োজনমতো

প্রণালী: প্রথমে পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে ত্রিকোণ আকারে টুকরো করে নিন। এবার কড়াইতে ঘি গরম করে পাউরুটির টুকরোগুলি সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন। অন্য একটি পাত্রে চিনি ও সামান্য জল দিয়ে ফুটিয়ে এক তারের সিরা তৈরি করুন। তাতে সামান্য এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর দুধ জ্বাল দিয়ে ঘন করে রাবড়ির মতো তৈরি করুন। চাইলে এতে জাফরানও দিতে পারেন। এবার একটি পরিবেশন পাত্রে ভাজা পাউরুটিগুলি সাজিয়ে তার উপর চিনির সিরা ও ঘন দুধ ঢেলে দিন। সবশেষে ভাজা কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন হায়দরাবাদের বিখ্যাত ডাবল কা মিঠা।

Recipe: শীতের সকালে বানিয়ে ফেলুন সুস্বাদু গাজরের রুটি! আচার বা সবজির সঙ্গে খেতে লাগে দারুণ, রইল সহজ রেসিপি

শীতে স্বাদ বদলাতে থাকুক মিষ্টির আয়োজন
শীতকাল মানেই শুধু পিঠেপুলি কিংবা পায়েস নয়। ভারতের বিভিন্ন রাজ্যের নিজস্ব খাদ্যসংস্কৃতির মধ্যেও রয়েছে নানা ধরনের সুস্বাদু শীতকালীন মিষ্টি। তাই এবারের শীতে বাড়িতে অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের সঙ্গে বিকেলের আড্ডা, চেনা মিষ্টির পাশাপাশি বানিয়ে ফেলতে পারেন তিল-গুড়ের লাড্ডু, পিন্নি, আদাদিয়া পাক অথবা ডাবল কা মিঠা। নতুন স্বাদের এই চার মিষ্টি শীতের আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক