পূর্ব বর্ধমানের কালনায় পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তির উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে, যিনি নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন শিল্পী ও তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। এই ঘটনায় শুধু জ্যোতিষ দেবনাথই নন, তাঁর পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্যোতিষ দেবনাথের বাড়ির পাশেই একটি কুয়ো খোঁড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই অশান্তি বড় আকার নেয়। জ্যোতিষবাবুর অভিযোগ, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে বসে থাকার সময় প্রতিবেশী লক্ষ্মণ দাস মদ্যপ অবস্থায় তাঁদের বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তিনি জ্যোতিষবাবু, তাঁর ছেলে ও পুত্রবধূর উপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ।
অন্যদিকে অভিযুক্ত লক্ষ্মণ দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কুয়ো কাটাকে কেন্দ্র করে প্রথমে জ্যোতিষ দেবনাথের পরিবারের সদস্যরাই তাঁর উপর হামলা চালান। পরে তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। তবে তিনি স্বীকার করেছেন যে ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
ঘটনার পর দুই পক্ষই কালনা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
এই ঘটনার রাজনৈতিক রং নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, এ ধরনের আচরণ কোনওভাবেই বিজেপির সংস্কৃতির সঙ্গে মেলে না। তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.