বলিউডের পরিচালক অনুরাগ কশ্যপ এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী শুভ্রা শেট্টির সম্পর্ক নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে অনুরাগ-ভক্তদের। বয়সের উল্লেখযোগ্য ব্যবধান নিয়ে একসময় নানা মন্তব্য ও ট্রোলের মুখে পড়লেও, প্রায় এক দশকের সম্পর্ক এখনও অটুট। সম্প্রতি জ্যানিস সিকোয়েরার সঙ্গে এক কথোপকথনে নিজেদের সম্পর্ক, বয়সের ব্যবধান এবং বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অনুরাগ ও শুভ্রা।
প্রাক্তন প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এ কাজের সূত্রেই অনুরাগ কশ্যপের সঙ্গে শুভ্রা শেট্টির পরিচয়। সেখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে সেই সম্পর্কই প্রেমের সম্পর্কে পরিণত হয়। ২০১৭-১৮ সাল নাগাদ তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে একাধিকবার বয়সের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ও ট্রোলিংয়ের মুখে পড়েছেন তাঁরা।
অনুরাগের সঙ্গে শুভ্রার বিয়ের পরিকল্পনা রয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে উঠে আসে তাঁদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। অনুরাগ জানান, শুভ্রা বিয়ের প্রতিষ্ঠানে বিশেষভাবে বিশ্বাসী নন। তাই তাঁর সিদ্ধান্তকে সম্মান করেন পরিচালক।অনুরাগের কথায়, তিনি শুভ্রার সঙ্গে থাকতে পেরে অত্যন্ত খুশি এবং ভবিষ্যতেও তাঁর সঙ্গেই থাকতে চান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে একটি নতুন ভয়ও তৈরি হয়েছে—প্রিয় মানুষদের থেকে বেশি দিন বেঁচে থাকার ভয়। তিনি জানান, তাঁদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি তিনি কোনওভাবেই হারাতে চান না। ‘ওর জন্যই মৃত্যুকে ভয় পেতে শুরু করেছি’
কথোপকথনে সম্পর্কের শুরুর দিকের একটি আবেগঘন ঘটনাও তুলে ধরেন শুভ্রা। তিনি জানান, একসময় মজা করে অনুরাগকে বলেছিলেন, জীবনে একবার সত্যিকারের ভালোবাসার পর মারা যেতে পারলেও তাঁর শান্তি। শুভ্রার সেই কথাই গভীরভাবে নাড়া দিয়েছিল অনুরাগকে। পরিচালক জানান, শুভ্রার সঙ্গে দেখা হওয়ার আগে জীবন কিংবা মৃত্যু নিয়ে তাঁর মধ্যে বিশেষ কোনও ভয় ছিল না। কিন্তু শুভ্রাকে পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়।
প্রথমবার এমন একজন মানুষকে পেয়েছেন, যার জন্য বেঁচে থাকার ইচ্ছা তৈরি হয়েছে—আর সেই কারণেই মৃত্যুকেও ভয় পেতে শুরু করেছেন তিনি। অনুরাগ কশ্যপের বয়স ৫০-এর কোঠায়, অন্যদিকে শুভ্রা ৩০-এর কোঠায়। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে শুরু থেকেই নানা মন্তব্য হয়েছে।
অনুরাগ স্বীকার করেছেন, একটা সময়ে এই বিষয়টি তাঁকেও বেশ অস্বস্তিতে ফেলেছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, সময় যত এগিয়েছে, তাঁর বয়স বেড়েছে, অথচ শুভ্রাকে একই রকম তরুণী দেখিয়েছে। ফলে নিজের বয়সের বিষয়টি নিয়ে তিনি আরও সচেতন হয়ে পড়েছিলেন। এমনকি একসময় সম্পর্কটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টাও করেছিলেন অনুরাগ। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি তিনি।
দু’বার বিয়ে, দু’বারই বিচ্ছেদ
শুভ্রার সঙ্গে সম্পর্কে আসার আগে অনুরাগ কশ্যপের দু’বার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী চলচ্চিত্র সম্পাদক আরতি বাজাজ। তাঁদের প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০০৯ সালে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে—আলিয়া কশ্যপ। পরবর্তীতে আলিয়ার বিয়েতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনুরাগ। এরপর ২০১১ সালে অভিনেত্রী কালকি কোয়েচলিনকে বিয়ে করেন অনুরাগ। তবে চার বছরের মাথায়, ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরেও প্রাক্তন দম্পতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আলিয়ার বিয়েতেও কালকিকে উপস্থিত থাকতে দেখা যায়।
তৃতীয় বিয়ে কি আদৌ হবে?
শুভ্রা শেট্টির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁদের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে এই মুহূর্তে অনুরাগের বক্তব্যে বিয়ের কোনও নির্দিষ্ট পরিকল্পনার ইঙ্গিত নেই। বরং তাঁর কাছে সম্পর্কের স্থায়িত্ব এবং একসঙ্গে থাকা বেশি গুরুত্বপূর্ণ।
শুভ্রা বিয়েতে বিশ্বাসী নন—এই সিদ্ধান্তকে সম্মান করেই তাঁর সঙ্গে ভবিষ্যৎ কাটাতে চান অনুরাগ। তাই আপাতত ‘তৃতীয় বিয়ে’ নয়, বরং তাঁদের দীর্ঘদিনের সম্পর্কটিই যে দু’জনের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট তাঁদের কথায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.