টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়-কে ঘিরে ‘রগড়ানি’ মন্তব্য বিতর্ক নতুন করে রাজনৈতিক ও আইনি মাত্রা পেল। এবার তাঁদের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘সনাতনী প্রচার ও প্রসার কমিটি’। সংগঠনের পক্ষ থেকে দুই অভিনেতার গ্রেপ্তারি এবং কঠোর শাস্তির দাবিও তোলা হয়েছে।
অভিযোগকারী সংগঠনের সভাপতি হরিচাঁদ বিশ্বাসের দাবি, ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় করা কিছু মন্তব্যের মাধ্যমে সনাতনী সমাজকে অপমান করা হয়েছিল। তাঁর অভিযোগ, সেই সময় রাজ্যের রাজনৈতিক আবহে পরমব্রত ও স্বস্তিকার কিছু পোস্ট উসকানিমূলক ছিল এবং তা বহু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল।
সংগঠনের তরফে থানায় জমা দেওয়া অভিযোগপত্রের সঙ্গে নাকি সেই সময়কার সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশটও জমা দেওয়া হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, এই মন্তব্যের জেরে সমাজে বিভাজনের পরিবেশ তৈরি হয়েছিল এবং অনেকেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
এর আগেও এই বিতর্ক ঘিরে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। চলতি মাসের ২১ তারিখ গড়িয়াহাট থানায় এক আইনজীবী ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে গড়িয়াহাট থানায় হাজিরা দিতে বলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় প্রায় এক ঘণ্টা ধরে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিতর্কিত ‘রগড়ানি’ পোস্টকে কেন তিনি সমর্থন করেছিলেন, সেই বিষয়েই প্রশ্ন করা হয় বলে খবর। যদিও থানার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বস্তিকা।
এই পরিস্থিতিতে বারাসত থানায় নতুন এফআইআর দায়ের হওয়ায় দুই অভিনেতার আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক ও বিনোদন মহলের একাংশ। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.