টলিপাড়ায় ফের জোর গুঞ্জন মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। এমনকী, ডিসেম্বর মাসে কালিম্পংয়ে হতে পারে মিমির ডেস্টিনেশন ওয়েডিং—এমন জল্পনাও রয়েছে। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল বা আপ্ত সহায়ক এই খবরের সত্যতা নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
এরই মধ্যে মিমির হবু স্বামীকে উদ্দেশ্য করে মজার ছলে বিশেষ বার্তা দিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু অঙ্কুশ হাজরা। মিমির সঙ্গে অঙ্কুশের বন্ধুত্ব বহু বছরের। তাঁরা একে অপরের প্রতিবেশীও। পাশাপাশি একসঙ্গে কাজও করেছেন। ফলে মিমিকে খুব কাছ থেকে চেনেন অঙ্কুশ।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমির বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে অঙ্কুশ জানান, তিনি নিজেও এই বিষয়ে নিশ্চিত নন। তাঁর কথায়, মিমির বিয়ের খবর তিনিও সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছেন। এমনকী, মিমিকে সরাসরি বিয়ের বিষয়ে প্রশ্ন করার সাহসও তাঁর নেই। মজার ছলে অঙ্কুশ বলেন, মিমিকে এই প্রশ্ন করতে গেলে তিনি তাঁর চুলের মুঠি ধরে ‘শেষ করে’ দিতে পারেন!
এরপরই মিমির হবু স্বামীর উদ্দেশে অঙ্কুশের বিশেষ পরামর্শ। অভিনেতার কথায়, ‘‘তুমি যেই হও না কেন, তোমার থেকে একটু হলেও বেশি আমি মিমিকে চিনি।’’ এরপর মিমির স্বভাব বোঝাতে গিয়ে তিনি জানান, বাইরে থেকে মিমিকে যতটা কঠিন মনে হয়, ভিতর থেকে তিনি ততটাই নরম মনের মানুষ।
অঙ্কুশের পরামর্শ, রাগের মাথায় মিমি কোনও কথা বলে ফেললেও হবু স্বামীকে বুঝতে হবে যে, সবসময় সেই কথাগুলি তাঁর মনের কথা নয়। মিমিকে বুঝতে পারলেই দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে, মিমির সম্ভাব্য হবু স্বামী সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, তাঁর নাম সিদ্ধার্থ এবং তিনি নৌসেনায় কর্মরত। ২০২৫ সালের পুজোর সময় টলিপাড়ার বন্ধুদের সঙ্গে মিমির একটি ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল বলে খবর। তবে ছবিতে তাঁকে আলাদা করে চেনা বেশ কঠিন।
মিমির ব্যক্তিগত জীবন নিয়ে আগেও একাধিকবার চর্চা হয়েছে। ২০১২ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান মিমি। প্রায় তিন বছর পর, ২০১৫ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে নিজের কাজ ও পোষ্যদের নিয়েই সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

এবার সত্যিই কি নতুন সম্পর্কে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি? আপাতত সেই উত্তর সময়ই দেবে। তবে তাঁর হবু সঙ্গীকে অঙ্কুশের দেওয়া পরামর্শ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.